ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো সংক্রান্ত হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি আদালতে দাখিল করা হয়েছে।
মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে ওই কপি দাখিল করেন।
দাখিলকৃত সার্টিফাইড কপি সূত্রে জানা গেছে হাইকোর্ট গত ২৮ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে আদালতে জানানো হয়, তাদের জামিনের মেয়াদও চার মাস বৃদ্ধি করেছে হাইকোর্ট।
আদালতে এ সংক্রান্ত সার্টিফিকেটও দাখিল করা হয়। ভারপ্রাপ্ত বিচারক ফিরোজ আলম আগামী ১৮ জানুয়ারি হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি দাখিলের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯০০ঘ.
bdnews24