২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতে চায় না: বাণিজ্যমন্ত্রী

সরকারের পক্ষ থেকে কোনও চাপ সৃষ্টি করা হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, সরকার ব্যবসা করতে কিংবা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতে চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পক্ষ থেকে কোনও চাপ সৃষ্টি করা হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, সরকার ব্যবসা করতে কিংবা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতে চায় না। মঙ্গলবার ব্যবসায়ীদের দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফারুক খান এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) আরও সক্রিয় করার দাবি থাকলেও বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রায়াত্ত এ প্রতিষ্ঠানটি শক্তিশালী না করারই ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি আবদুল হাফিজ চৌধুরীর নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে। আবদুল হাফিজ চৌধুরী চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ তিনটি শ্রমিক সংগঠন রাখার প্রস্তাব করে বলেন, "চট্টগ্রাম বন্দরে শ্রমিক সংগঠনসহ ট্রেড ইউনিয়নগুলো সক্রিয় হওয়ায় আমরা আতঙ্কিত। কারণ এসব সংগঠন আবার সক্রিয় হয়ে উঠলে এ পর্যন্ত যে সব সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা স্থবির হয়ে পড়বে।" তিনি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল রাখতে আইন-শৃঙ্খলা এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, "এ দুটি ঠিক থাকলে দেশের চলমান ব্যবসায়িক গতি ধরে রাখা সম্ভব হবে; যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।" বিকেএমইএ সভাপতি ফজলুল হক নিটওয়ার খাতে সরকারের দেওয়া নগদ ভর্তুকির পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেন। তিনি বলেন, "সরকারকে বিশ্ব অর্থনীতির বর্তমান সঙ্কটের বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ আমাদের দেশেও এর বিরূপ প্রভাব পড়তে পারে।" ফারুক খান ব্যবসায়ীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, "সরকার দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চায় না; বরং ব্যবসায়ীদের সহযোগিতা করতে চায়। ব্যবসায়ীদেরও নিজ নিজ অবস্থান থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে হবে।" মন্ত্রী বলেন, "ব্যবসায়ীদের ওপর সরকারের যথেষ্ট আস্থা রয়েছে। ব্যবসায়ীরা যথাযথভাবে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করলে টিসিবিকে শক্তিশালী করার প্রয়োজন হবে না। কারণ সরকার ব্যবসা করতে কিংবা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতে চায় না।" তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি করা ভোক্তা অধিকার অধ্যাদেশ বর্তমান সরকার কার্যকর রাখবে বলে ফারুক খান জানান। তিনি বলেন, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার ভোক্তা অধিকার অধ্যাদেশ কার্যকর রাখবে। কোনভাবেই একে অকার্যকর হওয়ার সুযোগ দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৪৩ ঘ.