ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তাদের দায়িত্ব পালনে কোনও বাধা না দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, "আমি আশ্বাস দিচ্ছি, আপনারা বাধাহীনভাবে কাজ করতে পারবেন।
"আপনাদের খেয়াল রাখতে হবে, কেউ যেন পার্টিজান না হয় এবং কোনও কাজ করার সময় দলীয় পক্ষপাত না দেখান।"
২০২১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ মেধা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে কাজ করার আহ্বান জানান নতুন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সভার শুরুতে সূনা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আব্দুল আজিজ। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, তারা অস্থায়ী; কিন্তু আপনারা প্রজাতন্ত্রের কর্মচারীরা স্থায়ী। আপনাদের আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে হবে।"
তিনি বলেন, "আমরা জনগণের কাছে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছি। সে ওয়াদা পূরণ করতে আপনাদের আইন-কানুন ও নিয়ম-নীতি মেনে সততার সঙ্গে কাজ করে যেতে হবে। সুশাসন কায়েম করতে হবে।"
প্রয়োজনে বিদ্যমান আইনে পরিবর্তন হবে জানিয়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা হাসিনা বলেন, "জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে আইন যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। এ ধরনের পরিস্থিতিতে আইনি বাধার বিষয়টি আগে থেকেই আমাদের বলে দিতে হবে।"
সচিবদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, "আইনের কারণে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না- এটা কোনোভাবেই বলা যাবে না। এটা আমি শুনতে চাই না।
"কাজ করব কি না- এ ধরনের পরিবেশ আমি চাই না। আমি চাই- ফাইল ফেলে না রেখে নিয়মানুযায়ী আপনারা নিজেরাই কাজ শেষ করবেন।"
অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১৮ শতাংশ হওয়ায় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "এ হার অবশ্যই আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। এডিপি বাস্তবায়নের গতি এত ধীর হলে দেশ এগোবে না।
"এডিপি বাস্তবায়নের হার ৯০ থেকে ৯৫ শতাংশে নিয়ে যেতে চাই আমি।"
এডিপির কোন প্রকল্পগুলো আগামী ৬ মাসে বাস্তবায়ন সম্ভব, আর কোনগুলো আদৌ বাস্তবায়ন করা যাবে না- মন্ত্রণালয় ভিত্তিক এর একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য শেখ হাসিনা সব সচিবকে নির্দেশ দেন।
তিনি বলেন, "এখন থেকে প্রতি মঙ্গলবার একনেকের বৈঠক হবে, বাজেট পর্যালোচনার ব্যবস্থাও নেওয়া হবে।"
গত ৩৮ বছরে দেশের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি- এ মন্তব্য করে হাসিনা বলেন, "আমাদের স্বাক্ষরতার হার বাড়েনি, কমেনি দরিদ্্েরর সংখ্যা। গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।"
নবম সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান নতুন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারা মত প্রকাশের সুযোগ পেয়েছে।"
সুষ্ঠু নির্বাচনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24