ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে 'ঘুষ' হিসেবে নেওয়া প্রায় ২০ কোটি ডলার ফেরত পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ঘুষ নেওয়ার এ অভিযোগ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ এক ডজন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রতিনিধিরা রোববার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে অর্থ উদ্ধারে সহায়তা চান।
প্রতিনিধি দলে ছিলেন জাস্টিস ডিপার্টমেন্টের মুদ্রাপাচার সংক্রান্ত শাখার উপপ্রধান লিন্ডা এম স্যামুয়েল, দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এজেন্ট ডেবরাহ হেপ্রেভট এবং যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কনসালটেন্ট ফেরদৌস খান।
তাদের সঙ্গে বৈঠক শেষে শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "বিভিন্ন কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া বিনিময়ে যে অর্থ লেনদেন হয়েছে, তা উদ্ধারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আমাদের সহায়তা চেয়েছে। আমাদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।"
এ অর্থের পরিমাণ ২০ কোটি (২০০ মিলিয়ন) ডলার জানিয়ে আইনমন্ত্রী বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর ছেলে কোকোসহ চারদলীয় জোট সরকারের প্রায় একডজন মন্ত্রী ও বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা বিভিন্ন কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার নিয়েছেন।"
এ অবৈধ অর্থ সিঙ্গাপুর, যুক্তরাজ্য, আরব আমিরাতসহ ২০টি দেশে রয়েছে বলে আইনমন্ত্রী জানান।
তিনি বলেন, "ইতোমধ্যেই তারা (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) ওই অর্থ উদ্ধারের তৎপরতা শুরু করেছে। আমরা বলেছি, এ বিষয়ে সহায়তা করতে হলে আমাদের আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস ও বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা অর্থ উদ্ধারে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বৃহস্পতিবার আদালতে একটি অভিযোগ দায়ের করে। এতে কাজ পাইয়ে দেওয়ার জন্য টেলিকম প্রতিষ্ঠান সিমেন্স ও চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় কোকোর বিরুদ্ধে।
গত ১৮ ডিসেম্বর কোকোর নামে সিঙ্গাপুরে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান এবং তা জব্দ করার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্যাটকো দুর্নীতি মামলার আসামি কোকো বর্তমানে ব্যাংককে রয়েছেন। ২০০৭ সালের জানুয়ারিতে দেশে জরুরি অবস্থা জারির নয় মাসের মাথায় ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে কোকোকেও গ্রেপ্তার করা হয়। ১০ মাস কারাভোগের পর ২০০৮ সালের জুলাইয়ে সরকারের আদেশে সাময়িক মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি।
কোকোর বড় ভাই, বেশ কয়েকটি মামলার আসামি তারেক রহমান জামিনে মুক্তি নিয়ে এখন যুক্তরাজ্যে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জিএনএ/১৬২২ ঘ.
bdnews24