ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৫ জানুয়ারি বিকাল ৩টায় নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। (আরো তথ্যসহ)
সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, "নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠান সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। আগামী ২৫ জানুয়ারি বিকাল ৩টায় এ অধিবেশন বসবে।"
সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকেন।
সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপদের নির্বাচন করা হবে। এছাড়া গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো অনুমোদনের জন্য প্রথম অধিবেশনেই সংসদে উপস্থাপন করতে হবে। এ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানেরও কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের জন্য ক্ষমতায় থাকার কথা থাকলেও ফখরুদ্দীন আহমদের সেনাসমর্থিত সরকার দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় দুই বছর দায়িত্ব পালন করে। সরকারের প্রায় পুরো সময় দেশে জরুরি অবস্থা জারি থাকে। এই সময়ে ১১৭টি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
সংবিধানে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের জারি করা সব অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনেই অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তের ব্যাপারে যাতে পরবর্তীতে সংবিধান লঙ্ঘনের অভিযোগ না ওঠে সেজন্যই এ অনুমোদন জরুরি।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সরকার গঠনের পর অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০০১ সালের ২৮ অক্টোবর। তখনকার বিরোধীদল আওয়ামী লীগ সেই অধিবেশনে অনুপস্থিত থাকে। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে আওয়ামী লীগের সাংসদরা শপথ নেওয়া থেকেও বিরত থাকেন। অবশ্য সংসদের ৯০তম কার্যদিবসের আগেই তারা শপথ নেন।
অষ্টম সংসদের সর্বশেষ অধিবেশন বসে ২০০৬ সালের ৩ অক্টোবর। ওইদিনই সংসদ ভেঙে দেওয়া হয়।
এবার সংসদের প্রধান বিরোধী দল বিএনপি ও শরিক দলগুলোর ৩২ জন সাংসদ এখনও পর্যন্ত শপথ নেননি। বুধবার বিএনপি জানিয়েছে, তারা শপথ নিয়ে প্রথম অধিবেশন থেকেই সংসদে যেতে আগ্রহী।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬২টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে ২৩০টি আসন পায় আওয়ামী লীগ।
অন্যদিকে বিএনপি ২৯টি, জামায়াতে ইসলামী ২টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১টি এবং স্বতন্ত্র ৪টি আসন পায়।
দেশে চরম রাজনৈতিক সংঘাতের মধ্যে সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করেন এবং ২২ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনের তারিখ বাতিল করেন। পরদিন ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর ২০০৮ এর ২৯ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসকে/২২২১ঘ.
bdnews24