২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে সরাসরি বাজারে হাত দেবে নতুন সরকার

ব্যবসায়ীরা দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনলে সরকার সরাসরি বাজারে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীরা দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনলে সরকার সরাসরি বাজারে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অফিস শুরুর আগে নতুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, "দ্রব্যমূল্য নামানো এবং নিয়স্ত্রণ করাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান দায়িত্ব (কাজ)। এ লক্ষ্যে একটি প্রাইস (দাম) কমিশন গঠন করা হবে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। যদি ব্যবসায়ীরা দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনে তাহলে সরকার সরাসরি বাজারে হস্তক্ষেপ করবে।" মুহিত বলেন, "আমাদের বেশিরভাগ ব্যবসা সিন্ডিকেট হয়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এ সিন্ডিকেট গড়ে উঠেছিল। আমরা এ ব্যাপারে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা বরদাস্ত করবো না।" সিন্ডিকেট ভাঙ্গা কোনো সমস্যা নয় বলেও তিনি জানান। মুহিত বলেন, "সরকার প্রয়োজনে বাজার হস্তক্ষেপ করবে। যদি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিস পত্রের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সরকার নিজে পণ্য আমদানি করে বাজারে বিক্রির ব্যবস্থা করবে।" এ বিষয়ে তিনি আরও বলেন, "কয়েকদিন আগে আমি একটি টকশোতে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে স্থানীয় বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে ব্যবাসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এর পরের দিনই প্রতি লিটার তেলের দাম ২০ টাকা কমে এসেছে।" খাদ্য উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করবে সরকার এবং খাদ্য বাজেট করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন,"আমাদের দেশে সাধারনত খাদ্য বাজেট করা হয় না। কখন কোন পণ্য আমদানি করতে হবে তা আগে থেকে ঠিক করতে খাদ্য বাজেট করা প্রয়োজন।" একইসঙ্গে আমাদের দেশে কোনো মজুদ নীতি নেই জানিয়ে তিনি বলেন, "আমাদের মজুদ নীতি নেই। এটা করতে হবে।" এছাড়া বর্তমানে দেশে অন্য কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুদ আছে বলেও তিনি জানান। ২০০৮-০৯ সালের বাজেট রিভিউ (কাঁটছাঁট) হবে কিনা জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের বাজেটের ছয়মাস (জুলাই- ডিসেম্বর) ইতোমধ্যে চলে গেছে। বাকি আছে ছয়মাস। এসব মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বাজেট কাঁটছাঁট (রিভিউ) করা হবে। কেননা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন মোটেই সন্তোষজনক নয়। এডিপি'র বাস্তবায়নের গতি বাড়াতে হবে। সব বিবেচনায় বাজেট কাঁটছাঁট করার প্রয়োজন পড়বে।" বাজেট বিষয়ে তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করে তিনি বলেন, "আমি মনে করি রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট একীভূত হওয়া উচিত। আমি এ বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চালিয়ে যাব। আশা করি ৩ থেকে ৪ বছরের মধ্যে রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট মিলিয়ে একটি বাজেট করা সম্ভব হবে।" এ বিষয়ে তিনি আরও বলেন, "২৬ বছর আগে আমি যখন অর্থমন্ত্রী ছিলাম তখন আমাদের বাজেটের আকার ছিল মাত্র ৪৬০০ কোটি টাকা। এখন তা বেড়ে ৯৯ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগের থেকে বাজেটের আকারে ব্যাপক পরিবর্তন হয়েছে। অর্থনীতিতেও পরিবর্তন এসেছে।" বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, "আন্তর্জাতিকভাবে অর্থনীতিতে মন্দা চলছে। এটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় তাৎক্ষণিকভাবে যে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে সরকার তা অবশ্যই নিবে।" এছাড়া অর্থনীতিকে গতিশীল রাখতে ব্যাংক ঋণের সুদের হার কমানো, টাকার মানের যৌক্তিক মূল্য নির্ধারণ, রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধিসহ অর্থনীতির অন্যান্য বিষয়গুলোও গুরুত্বসহকারে দেখা হবে বলে তিনি জানান। বেকার সমস্যা নিরসনে কর্মসংস্থান বাড়াতে এবং বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমডি/জিএনএ/১৪৪০ ঘ.