ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদ ভবন থেকে পুরান ঢাকার জজ কোর্ট আদালতে স্থানান্তরিত পাঁচটি বিশেষ জজ আদালতে সোমবার কার্যক্রম শুরু হয়েছে।
তবে এদিন পাঁচটির মধ্যে দুটি আদালতে শুনানির দিন ধার্য থাকলেও কোনো মামলারই শুনানি হয়নি।
এর মধ্যে বিশেষ জজ আদালত-২ এ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বিচারক তা শুনানির জন্য গ্রহণ করতে পারেননি।
অন্যদিকে বিশেষ জজ আদালত-৪ এ হামজা কেমিকেল লিমিটেডের দায়ের করা একটি মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষে অ্যাডভোকেট টি এম আকবর সময় চেয়ে আবেদন করলে বিচারক ইয়াসমিন আনোয়ার ১৩ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
এসব মামলার আইনজীবী দুর্নীতি দমন কমিশনের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, বিশেষ জজ আদালত-১, ৩ ও ৫ এ এদিন কোনো মামলার শুনানি ছিল না।
সরকার গত ডিসেম্বর ২৪ সংসদ ভবন এলাকায় স্থাপিত ১০টি বিশেষ আদালত সরিয়ে নেওয়ার আদেশ দেয়।
আদেশে ১০টি আদালতের মধ্যে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত আদালত রাজধানীর সদরঘাট জজ কোর্ট এলাকায়, অন্য পাঁচটির মধ্যে দুটি করে আদালত চট্টগ্রাম ও খুলনায় এবং বাকি একটি রাজশাহীতে স্থানান্তরিত করার কথা বলা হয়।
এতে আরও বলা হয়, ৬ থেকে ১০ নম্বর আদালতে যে মামলাগুলোর বিচার কাজ চলছিল তা ক্রমানুসারে ১ থেকে ৫ নম্বর আদালতে স্থানান্তরিত হবে।
তত্ত্বাবধায়ক সরকার নবম জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে এসে সংসদের কার্যক্রম শুরুর জন্য আদালত সরিয়ে নেওয়ার এ আদেশ দেয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর দুর্নীতিবাজদের বিচারের জন্য ওই বছরের মে থেকে সংসদ ভবনে পাঁচটি বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর আদালতের সংখ্যা বাড়িয়ে করা হয় ১০টি।
আদালতগুলোতে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ দুইশরও বেশি রাজনীতিক, সাবেক মন্ত্রী, সাংসদ ও ব্যবসায়ীর বিচার চলছে। এর মধ্যে রায়ও হয়েছে প্রায় শতাধিক মামলার।
বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/০০১৫ঘ.
bdnews24