ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া 'হিজবুত তাহরীর বাংলাদেশ' এর ১০ সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। রাজশাহী বিভাগের কারা উপ মহাপরিদর্শক হাফিজুর রহমান মোল্লা এই তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জামিনের কাগজপত্র বিকেলে আমাদের হাতে এসে পৌঁছানোর পর রাত আটটার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।"
দলটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন আহম্মেদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের মুক্তি পাওয়ার খবর জানান। তিনি বলেন, "আজ (মঙ্গলবার) সকালে রাজশাহী জজ আদালত তাদের জামিন দেন। এরপর রাত আটটার দিকে তারা মুক্তি পান।"
জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী সিটি প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষকসহ হিজবুত তাহরীরের ১০ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গাড়িচালক জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর ওইদিনই ছেড়ে দেওয়া হয়।
এদের গ্রেপ্তারের পর পুলিশ জানায়: তাদের কাছে পোস্টার, লিফলেট পাওয়া গেছে। এরা সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে এবং জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত রয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. সৈয়দ গোলাম মাওলা, সাউথ-ইষ্ট ইউনিভার্সিটির শিক্ষক আহমেদ জামাল ইকবাল (৪৩), ব্রাহ্মণবাড়িয়ার ঝাউতলার আজিজুল ইসলামের ছেলে রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল হক বেলাল(২৩), চাঁদপুরের বাবুরহাট এলাকার সফিকুল ইসলামের ছেলে মাসুদ কাওসার (২৬), চাঁপাইনবাবগঞ্জের খোয়াবাড়িয়ার সাদিকুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩২), নোয়াখালীর চাটখিল এলাকার বেজাদপুরের হারুন অর রশিদের ছেলে মনিরুজ্জামান মাসুদ (২৯), লক্ষ্মীপুরের মুরশিদপুর এলাকার রুহুল আমীনের ছেলে মামুন আনসার (৪৫), ব্রাহ্মনবাড়িয়ার কলেজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৩), চট্টগ্রামের ফটিক ছড়ির শামসুদপুর এলাকার আলী হোসেনের ছেলে আকতার হোসেন (২৩), কিশোরগঞ্জের কুলিয়ারচড় এলাকার আফতাব উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24