ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সাপ্তাহের শেষ নাগাদ লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তারেক রহমানের চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন তার আইনজীবী আহমেদ আজম খান।
সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নিজের কার্যালয়ে আজম খান সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যে লন্ডনের চারটি হাসপাতালে তারেক রহমানের মেরুদণ্ডের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার তার 'এমআরআই' পরীক্ষাও করা হয়েছে।"
আজম খান বলেন, "আমি যতটুকু জেনেছি, পশ্চিম লন্ডনের ওয়েলিংটন হাসপাতালেই তারেকের চিকিৎসা শুরু করা হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, লন্ডনের কিংস ওক, হেমার স্মিথ, ওয়েলিংটন ও ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালে তারেকের মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা করা হয়েছে।
আজম খান বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেকের চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে ইতোমধ্যে ৬ লাখ ৩৪ হাজার টাকা লন্ডনে পাঠিয়েছেন। প্রয়োজন হলে পরে আরও পাঠানো হবে।"
তিনি বলেন, "তারেক রহমানের চিকিৎসার ব্যয়বহনের জন্য দলের বিদেশি শাখার নেতা-কর্মী-সমর্থক-শুভাকাঙ্খী অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেকের চিকিৎসার সব কিছু ম্যাডামের তত্ত্বাবধায়নেই চলবে।"
তারেক রহমান সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও আজম খান জানান।
গত ১১ সেপ্টেম্বর রাতে তারেক উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও রয়েছেন তার সঙ্গে রয়েছেন। বর্তমানে দক্ষিণ লন্ডনের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে আছেন তারা।
গত বছরের ৭ মার্চ যৌথ বাহিনী তারেককে গ্রেপ্তার করে। মেরুদণ্ড ও কোমরে ব্যথাসহ বিভিন্ন সমস্যার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক।
খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো ব্যাংকককে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৩৫২ ঘ.
bdnews24