২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আলীর মামলায় হাসিনার জামিন আবেদন নাকচ

ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত হাসিনার প্যারোলে মুক্ত থাকা, আদালতে উপস্থিত হতে না পারা এবং জামিন আবেদনে রাজনৈতিক কারণের উল্লেখ থাকাকে জামিন না দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 07:19 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত হাসিনার প্যারোলে মুক্ত থাকা, আদালতে উপস্থিত হতে না পারা এবং জামিন আবেদনে রাজনৈতিক কারণের উল্লেখ থাকাকে জামিন না দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেছে। সোমবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের অবকাশকালীন বেঞ্চ জামিনের আবেদনের ওপর দীর্ঘ দেড় ঘণ্টার আদেশে তা খারিজ করে দেন। হাসিনা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এই মামলায় হাইকোর্ট গত বছরের ৭ আগস্ট হাসিনাকে জামিন দিয়েছিল। কিন্তু ২০ দিন পরে তা স্থগিত করা হয়। সোমবার আদেশের পরপরই হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালত বলেছে, যেহেতু শেখ হাসিনা প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসাধীন, তাই স্বাস্থ্যগত কারণে তাকে জামিন দেওয়ার দরকার নেই।" সকাল সাড়ে ১১টার দিকে আদেশ পড়া শুরু করে বেলা ১টার কিছু আগে শেষ করেন বিচারপতি। আদালত আদেশে বলেছে, শেখ হাসিনাকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে প্যারোলের মেয়াদ বৃদ্ধি করা হয়। তার চিকিৎসার জন্যই প্যারোলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায় জামিনের আবেদন বিবেচনা করা যায় না। আদালত আরও বলেছে, শেখ হাসিনা অনুপস্থিত থাকায় ফৌজদারি কার্যবিধির ৪৯৯ ধারা অনুযায়ী জামিন আবেদন বিবেচনা করা যায় না। জামিনের জন্য উপস্থিতি অত্যন্ত জরুরি। বিদেশ থেকে ফিরে আসার পর জামিনের ব্যাপারে শেখ হাসিনা আদালতে আসতে পারবেন। আদেশে আরো বলা হয়, আবেদনকারীর পক্ষে যুক্তি ছিল দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তাই দলকে সংগঠিত করার জন্য শেখ হাসিনার দেশে আসা প্রয়োজন। এ কারণে জামিন দরকার। কিন্তু রাজনৈতিক এ বিষয়টি জামিন আবেদন বিবেচনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক আদালতে যুক্তি দেখিয়ে বলেন, স্বাস্থ্যগত কারণে শেখ হাসিনার জামিন প্রয়োজন। দেশের বাইরে থাকলে জামিন দেওয়া যায় না বা আদালতে জামিন আবেদনের সময় উপস্থিত থাকতে হবে এমন কোন কথা নেই। কারণ ইতোমধ্যে আজম জে চৌধুরীর মামলায় হাসিনাকে বিদেশে থাকা অবস্থায়ই জামিন দেওয়া হয়েছে। স্বাস্থ্যগত কারণে জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে তার জামিননামাও আদালত গ্রহণও করেছে। মইজুদ্দিন সিকদার মামলায় জরুরি আইনে জামিন দেওয়ার ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ও তারেক রহমানের জামিনের আদেশ উপস্থাপন করে রফিক উল হক বলেন, স্বাস্থ্যগত কারণে আপিল বিভাগ তারেক রহমান ও সিগমা হুদাকে জামিন দিয়েছে। তিনি বলেন, দেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তার জামিন প্রয়োজন। প্যারোলে থাকলে তো রাজনীতি করা যায় না। আদালত আপিল বিভাগে তারেক রহমান ও সিগমা হুদার জামিন আদেশ এবং মইজুদ্দিন সিকদার মামলায় জরুরি অবস্থায় কী কী ক্ষেত্রে জামিন দেওয়া যাবে সে বিষয়ে নির্দেশনা পর্যালোচনা করে বলে, শেখ হাসিনার জামিনের আবেদনের ক্ষেত্রে এই রায়গুলো বিবেচনা করা যায় না। কারণ তারেক ও সিগমাকে স্বাস্থ্যগত কারণে জামিন দেওয়া হলেও তারা প্যারোলে ছিলেন না। তারেক জামিন পেয়ে এখন বিদেশে চিকিৎসা নিচ্ছেন। আপিল বিভাগ জরুরি আইনে জামিন দেওয়ার ক্ষেত্রে মইজুদ্দিন মামলায় যে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনার মধ্যে 'স্বাস্থ্যগত কারণ ও অসৎ উদ্দেশ্যে' মামলা করা হলে জামিন দেওয়া যায় বলা রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে এই নির্দেশনা এই মুহূর্তে বিবেচনা করা যায় না। আদেশ দেওয়ার আগে শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব স্বাস্থ্যগত কারণে হাসিনাকে জামিন দেওয়া যায় না বলে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে প্যারোলে মুক্ত রয়েছেন। অসুস্থতার কারণে তার জামিন চাওয়া হয়েছে। অসুস্থতার প্রমাণ হিসেবে তারা (হাসিনার আইনজীবীরা) জুন মাসের মেডিক্যাল বোর্ডের রিপোর্ট জমা দিয়েছেন। কিন্তু সেই মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে সরকার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন। তাই এ কারণে তাকে জামিন দেওয়া যায় না। ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারা ও আপিল বিভাগের কয়েকটি মামলার নজির উপস্থাপন করে তিনি বলেন, জামিন নেওয়ার সময় আবেদনকারীকে হাজির থাকতে হয়। শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে এলে জামিনের আবেদন করতে পারবেন। এই মুহূর্তে আদালত তার জামিনের আবেদন বিবেচনা করতে পারে না। মনসুর হাবিব আরো বলেন, এ ছাড়াও রাজনৈতিক বিবেচনায় হাসিনার জামিন চাওয়া হয়েছে। কিন্তু আদালত রাজনৈতিক বিবেচনায় কাউকে জামিন দিতে পারে না। আদালত বলে, যে কথা বলেই জামিন চাওয়া হোক না কেন, তা আইনের কাঠামোর মধ্যে হতে হবে। রাজনৈতিক বিবেচনার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। তবে তাকে দেশে অবশ্যই থাকতে হবে। সোমবার আদেশের পরপরই হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। তবে আওয়ামী লীগই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।" অপর কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চে হাসিনার জামিনের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি গ্রহণ করে সোমবার আদেশের দিন ধার্য করা হয়। সেদিন শুনানিতে সরকার পক্ষের আইনজীবী শেখ হাসিনার জামিন আবেদনের বিরোধিতা করে। পরে এ ব্যাপারে হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আমরা বলেছি শেখ হাসিনা প্যারোলে রয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তার মুক্ত মানুষ হিসেবে দেশে ফিরে আসা উচিত। তাই তার জামিন প্রয়োজন।" স্বাস্থ্যগত কারণে হলেও হাসিনাকে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দুই নেত্রীকে আলোচনায় বসানোর ব্যাপারে সরকার ও তার উদ্যোগের বিষয়টি তুলে ধরে ব্যারিস্টার হক সেদিন আরও জানান, হাসিনার জামিনের ব্যাপারে তার সঙ্গে আলোচনায় আইন উপদেষ্টা ইতিবাচক অভিমত ব্যক্ত করেন। এরপরও সরকার পক্ষের আইনজীবীর বিরোধিতার বিষয়টি 'খুবই পরস্পরবিরোধী'। ২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয়- শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন। ওই বছরের ৭ আগস্ট হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেয়। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসার জন্য তাকে সাময়িক মুক্তি পান। এদিকে নাইকো ও ভাসমান বিদ্যুত কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। আদালত মঙ্গলবার আবেদন দুটি শুনানি গ্রহণ করতে পারেন বলে শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর হাসিনার এ মামলা দুটিতে জামিনের আবেদন করেছিলেন। এর পর দিন হাইকোর্টের একটি বেঞ্চ আবেদন দুটি ফেরত দিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএইচবি/১৩৪৪ ঘ.