ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের নয়াদিল্লি যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবী এ কে এম আমিন উদ্দিন।
শনিবার সকাল নয়টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওবায়দুল কাদেরের নয়াদিল্লি যাওয়ার কথা ছিল।
ওবায়দুল কাদেরের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন সকালে দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইমিগ্রেশনের একজন কর্মকর্তা আমাদের জানালেন, বিদেশে যাওয়ার জন্য ওপরের নির্দেশ নেই ওবায়দুল কাদের সাহেবের। উনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিরে গেছেন।"
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সকাল সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (ওবায়েদুল কাদের) এখনো যাননি। উনি আছেন।"
১৭ মাস ২৬ দিন কারাভোগের পর ওবায়দুল কাদের গত ৫ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন। এরপর থেকেই তিনি বি এস এম এম ইউ'র কেবিন ব্লকের ৩১৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। স্নায়ুর সমস্যার জন্য তার শরীরের ডানদিক শুকিয়ে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জিএনএ/১০০৫ ঘ.
bdnews24