২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল আ. লীগ

আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ব্যাপারে কূটনীতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করেছে আওয়ামী লীগ। তবে দুর্নীতি দমনের নামে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি দমন সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ব্যাপারে কূটনীতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করেছে আওয়ামী লীগ। তবে দুর্নীতি দমনের নামে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি দমন সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। শুক্রবার বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিল্লুর রহমান বলেন, "আমরা বিশ্বাস করি, ঘোষিত সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। ১৮ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিতে শুরু করেছে। গণতন্ত্রের স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনে অংশ নিতে হবে।" বাংলাদেশকে টেকসই সংসদীয় গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়ে কূটনৈতিক কোরের ডিন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ডোরা র‌্যাপল্ড অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে। সমঝোতা, সহযোগিতা ও দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।" রাজধানীর হোটেল রেডিসনে এ ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, জাপানের রাষ্ট্রদূত মাসাউকি ইনো, জার্মানির রাষ্ট্রদূত ফ্রাংক মেইকে, ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কসুরে, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বি টেন টুসচার, ইতালির রাষ্ট্রদূত ইতালা মরিয়া মার্তা ওচি, ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার হগগার্ড ইয়েনসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সুক বুম পার্ক, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি, ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদে, তুরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তরুনলার, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়েন ঝুঁ, ইউ এন ডি পি'র আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েনসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ রাষ্টদূত স্টিফেন্স ইভান্স, ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী ও পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবরের অনুপস্থিতিতে তাদের প্রতিনিধিরা ইফতারে অংশ নেন। ইফতারে কূটনীতিক, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের জন্য আলাদা টেবিল নির্ধারিত ছিল। জিল্লুর রহমান ইফতারের আগে প্রতিটি টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। জেমস্ এফ মরিয়ার্টি ও আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ এক টেবিলে ইফতার করেন। স্বাগত বক্তব্যে জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখবে। দুর্নীতি দমনের নামে রাজনীতি দমন আওয়ামী লীগ কোনোভাবেই সমর্থন করবে না।" ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিদেশি কূটনীতিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, "কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসেছে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "নেতিবাচক নয়, আওয়ামী লীগ গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। তবে, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ছাড়া সামনে এগিয়ে যাওয়া অসম্ভব। নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ সৃষ্টি করতে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা দরকার।" আওয়ামী লীগ নেতাদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্নাসহ কেন্দ্রীয় কারর্‌্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/জেকে/এমএইচবি/২০৩৬ ঘ.