ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচার শেষ করার দাবি জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার তার দলে বেশ কিছু লোকের যোগদান অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক এখানে উপস্থিত হয়ে বিকল্পধারায় যোগ দেন।
বদরুদ্দোজা চৌধুরী তাদের স্বাগত জানিয়ে বলেন, ''আপনারা নতুন ধারার রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ দল জনগণের সঙ্গে আছে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে সবসময়।''
তিনি বলেন, ''তার দল এমন কোনো জোটের সঙ্গে যাবে না, যারা অতীতে দুর্নীতি, লুটপাট করে দেশের বারোটা বাজিয়েছে।''
নির্বাচন সুষ্ঠু করতে সাবেক রাষ্ট্রপতি নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচারসম্পন্ন করার দাবি জানিয়ে বলেন,'' তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। যাদের অভিযোগ প্রমাণিত হবে না, তাদের সসন্মানে মুক্তি দিতে হবে।''
তিনি অভিযোগ করেন, ''দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের কথা বলে এ সরকার ক্ষমতায় এসে সব প্রতিশ্র"তি রক্ষা করতে পারেনি।''
অনুষ্ঠানে বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, ড. নুরুল আমীন ব্যাপারী, অধ্যক্ষ আবদুর রশীদ, আবদুর রহিম, মোরশেদ রাশেদ, অধ্যাপিকা আনোয়ারা বেগম, নাজমুল হক, শাহজাহান সিরাজ সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০০৯ ঘ.
bdnews24