২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সন্ত্রাসী হামলা আহত

বাগেরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামছুল হক (৭২) শুক্রবার বিকেলে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসীর হামলায় আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বাগেরহাট, সেপ্টম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামছুল হক (৭২) শুক্রবার বিকেলে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসীর হামলায় আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৩টার দিকে শহরের নিউ মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি একটি সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ে আসছিলেন। এ ঘটনার পর ওই সভা আর হয়নি। জেলা বিএনপি ঘটনা তদন্তে দলের জেলা সহ-সভাপতি আলী রেজা বাবুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনার প্রতক্ষদর্শী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ এসকেন্দার হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় যোগ দিতে সামছুল হক ও তিনি (এসকেন্দার হোসেন) রিকশায় দলীয় কার্যালয়ে আসেন। কার্যালয়ের সামনে পৌঁছালে দুই যুবক সামছুল হকের উদ্দেশে গালাগাল দেয়। তখন তারা ওই দুই যুবককে চড়-থাপ্পড় দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসার চেষ্টা করলে পিছন থেকে আরেক যুবক দৌড়ে এসে শামছুল হককে কিল, ঘুষি দিয়ে মাটিতে ফেলে মারতে শুরু করে। পিছন থেকে ছুটে এসে আরও কয়েকজন যুবক হামলায় যোগ দেয়। এতে শামছুল হকের মাথা ফেটে যায়। বাগেরহাট সদর হাসপাতালের ডা. সাইদুর রহমান বলেন, "সামছুল হকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মাথায় সেলাই দেওয়া হয়েছে।" আহত শামছুল হক এ ঘটনার জন্য নাম প্রকাশ না করে জেলা বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করেছেন। শামছুল হক বলেন, "সীমিত পরিসরে ঘরোয়া রাজনীতি চালু হওয়ার পর থেকে জেলা বিএনপির কয়েকজন নেতা বিভিন্ন সময় দলীয় সভা করে তাকে সংষ্কারপন্থী হিসেবে চিহ্নিত করে হুমকি দিয়ে আসছিলেন।" জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী ও সন্ত্রাসী এই হামলা করেছে।" তিনি জানান, জেলা বিএনপি সহ-সভাপতি আলী রেজা বাবুকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, "আমাদের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কেউ অভিযোগ নিয়ে না আসায় মামলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.