২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি: দেলোয়ার

নির্বাচনে সব দলের অংশ নেওয়ার সমান সুযোগ তৈরি হয়নি এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডানকান নরম্যানের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচনে সব দলের অংশ নেওয়ার সমান সুযোগ তৈরি হয়নি এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডানকান নরম্যানের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার এ মন্তব্য করেন। সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় তার সঙ্গে ভারপ্রাপ্ত হাইকমিশনার ডানকানের এক ঘন্টা বৈঠক হয়। বৈঠক শেষে ডানকান নরম্যান সাংবাদিকদের বলেন,''আগামী ডিসেম্বরে বাংলাদেশে সব দলের অংশ গ্রহনের সহিংসতামুক্ত একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বৃটিশ সরকার। আমরা বিএনপির সঙ্গে গণতন্ত্র শক্তিশালী করা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছি।'' এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৃটিশ সরকার আশাবাদী দেশে শান্তিপূর্ন পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঙ্গে একই বিষয়ে তার আলোচনা হয়েছে। দেলোয়ার সাংবাদিকদের বলেন,''নির্বাচন সম্পর্কে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরেছে। নির্বাচনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করতে হবে। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নিবন্ধন আইন, জরুরি অবস্থা ইত্যাদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় বলে আমরা মনে করি। নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নিতে হবে।'' তিনি বলেন, "নির্বাচনে অংশ নিতে সব দলের জন্য সমান সুযোগ তৈরি হয়নি। বিএনপি নির্বাচনমুখী দল। পরিবেশ তৈরি হলে বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে।'' বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭৭৫৮ ঘ.