২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ গঠনের পর উপজেলা নির্বাচনের দাবি চার দলের

নবম জাতীয় সংসদ গঠনের পর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। একই সঙ্গে সংশোধনী গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নিবন্ধন আইন, নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ স্থগিত রেখে পুরনো আইনেই সংসদ নির্বাচন করার আহবান জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ গঠনের পর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। একই সঙ্গে সংশোধনী গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নিবন্ধন আইন, নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ স্থগিত রেখে পুরনো আইনেই সংসদ নির্বাচন করার আহবান জানিয়েছে তারা। সোমবার জোটের এক বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ সব দাবির কথা সাংবাদিকদের জানান। প্রধান উপদেষ্টা গত শনিবার জাতির উদ্দেশে ভাষণে জানান, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। উপজেলা নির্বাচন হবে দুই পর্যায়ে ২৪ ও ২৮ ডিসেম্বর। আওয়ামী লীগও উপজেলা নির্বাচনের দিন-ক্ষণ নিয়ে তাদের আপত্তির কথা ইতোমধ্যে জানিয়েছে। খোন্দকার দেলোয়ার বলেন, "সংসদ গঠিত হওয়ার পর একটি যুক্তিযুক্ত সময়ে উপজেলা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হতে পারে বলে আমরা মনে করি। সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন হলে সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, তা নিয়ে সংশয় থাকে।" উপজেলা নির্বাচনের ঘোষিত তারিখ পরিবর্তনের পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপি নেতা দেলোয়ার বলেন, "সংসদ নির্বাচনের সাত দিন পর উপজেলা নির্বাচন হলে গোলমেলে অবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আর উপজেলা নির্বাচনের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক কোনও বাধ্যবাধকতা নেই।" বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করে সুষ্ঠু সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যেতে চাই। তবে আমরা যাতে নির্বাচনে যেতে পারি, সে জন্য অসমতাগুলো দূর করতে হবে।" এক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধন, নিবন্ধন আইনের শর্ত সংশোধন, নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ স্থগিত রাখার দাবি তুলে ধরেন তিনি। দেলোয়ার বলেন, "নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও নিবন্ধন আইনে নির্বাচন হলে অনেক রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে।" গত ২০ সেপ্টেম্বর ইসির সঙ্গে ইতিবাচক সংলাপ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আমরা এ বিষয়গুলো ইসিকে বলেছি। আশা করছি, সংলাপে আমাদের দেওয়া প্রস্তাবগুলোর বিষয়ে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত জানাবে।" সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় জন্য প্রধান উপদেষ্টাকে সাধুবাদ দিলেও ভাষণে জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছে চারদলীয় জোট। খোন্দকার দেলোয়ার বলেন, "জরুরি অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়। জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।" সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় বৈঠকে বসেন চার দলের নেতারা। খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, কেন্দ্রীয় নেতা আবদুস সুবহান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, ঢাকা মহানগর আহ্বায়ক তৈয়বুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ঢাকা মহানগর আহবায়ক আবুল কাশেম ও খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.