ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। সোমবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে হাসিনার কৌসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আবেদনটি দায়ের করেন।
জামিনের আবেদন দায়েরের পর ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নূর আলীর দায়ের করা মামলায় শেখ হাসিনার পক্ষে হাইকোর্টে একটি জামিনের আবেদন দায়ের করা হয়েছে। সোমবার আবেদনটির ওপর শুনানি হবে।"
তিনি আরও বলেন, "নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় সোমবার শেখ হাসিনার জামিন চেয়ে হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদন জানানো হবে। এই তিনটি মামলায় জামিন পেলে তিনি স্থায়ীভাবে জামিনে মুক্ত হবেন।"
নূর আলীর মামলায় হাসিনার জামিনের আবেদনে বলা হয়েছে, তিনি বর্তমানে সরকারের নির্বাহী আদেশে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। স্বাস্থ্যগত কারণে তার জামিন প্রয়োজন।
২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওই বছরের ৭ আগস্ট হাসিনার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় শেখ হাসিনাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ হাসিনার সেই জামিন স্থগিত করে দেয়।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এ চলতি বছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়।
মিগ মামলার স্থগিতাদেশের অনুলিপি চেয়েছে আদালত
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার অনুলিপি দাখিল করতে বলেছেন ঢাকা বিভাগীয় বিশেষ জজ গোলাম মর্তুজা মজুমদার। রোববার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে আগামী ২২ অক্টোবর এ সংক্রান্ত আদেশ দাখিলের জন্য দিন ধার্য করেন।
গত ১৮ সেপ্টেম্বর বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের অবকাশকালীন বেঞ্চ মিগ-২৯ মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনার দায়ের করা রিট মামলাটি তিনমাসের জন্য স্থাগিত করেন।
পাশাপাশি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনকে কেন অবৈধ ও আইনগত ক্ষমতাবহির্ভুত ঘোষণা করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আদেশও দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/আরএ/এসকে/১৯২৪ঘ.
bdnews24