২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে একসঙ্গে বসানো হয়তো ষড়যন্ত্রের ফাঁদ: আশরাফ

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসানোর উদ্যোগ 'ষড়যন্ত্রের ফাঁদ' হতে পারে বলে সন্দেহ করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "দুই নেত্রীর সংলাপ ষড়যন্ত্রের ফাঁদ। সরকার কী উদ্দেশ্যে তাদের এক সঙ্গে বসাতে চাচ্ছেন তা স্পষ্ট নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসানোর উদ্যোগ 'ষড়যন্ত্রের ফাঁদ' হতে পারে বলে সন্দেহ করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "দুই নেত্রীর সংলাপ ষড়যন্ত্রের ফাঁদ। সরকার কী উদ্দেশ্যে তাদের এক সঙ্গে বসাতে চাচ্ছেন তা স্পষ্ট নয়।" বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের জিমনেসিয়ামে জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, "শেখ হাসিনা এখনও সংলাপের (খালেদার সঙ্গে আলোচনার) আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে দেশের ফেরার পর দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হবে তিনি সংলাপে যাবেন কি যাবেন না।" সংলাপের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে সংলাপের ব্যাপারে কয়েকটি শর্তের উল্লেখ করেন আশরাফুল- "বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যাসহ জোট সরকারের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের বিচার সম্পর্কে উপযুক্ত জবাব পাওয়ার পর সংলাপে বসার বিষয়টি বিবেচনা করা হবে।" সর্বাগ্রে সংসদ নির্বাচন দাবি করে তিনি বলেন, "রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরে সংসদ নির্বাচন না হলে সরকার ও নির্বাচন কমিশনই দায়ী থাকবে। সংসদের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।" সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, "দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবেন।" তিনি ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের কথা উল্লেখ করে বলেন, "দেশে এখন ব্যবসা-বাণিজ্য বলে কিছুই নেই। ডিসেম্বরে নির্বাচন না হলে ব্যবসা-বাণিজ্যে ধস নামবে বলে ব্যবসায়ীরা আশংকা করছেন। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কল-কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।" জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আহবায়ক মজিবর রহমান খান মিল্কীর সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অসিম কুমার উকিল ও আহমদ আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, ফয়জুর রহমান ফকির, পরিষদের সদস্য সচিব এহতেশামূল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২১৩১ ঘ.