২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর একসঙ্গে বসা উচিত: আমীর খসরু

শিষ্টাচারের রাজনীতি প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনার বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এক বছরের বেশি সময় বিদেশে অবস্থান করার পর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে ফিরে আমীর খসরুএ কথা বলেন। বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকা উচিত বলেও মন্তব্য করে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিষ্টাচারের রাজনীতি প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনার বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এক বছরের বেশি সময় বিদেশে অবস্থান করার পর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে ফিরে আমীর খসরুএ কথা বলেন। বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকা উচিত বলেও মন্তব্য করে তিনি। নগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "বিভিন্ন দলের মধ্যে মতভেদ থাকতে পারে। তার মানে এই নয় যে তারা একে অপরের শত্র"। গণতন্ত্রে উত্তরণের জন্য শিষ্টাচারের রাজনীতি প্রয়োজন। এজন্য প্রধান দুই দলের নেত্রীর একত্রে বৈঠকে বসা উচিত।" তিনি বলেন, " রাজনীতিবিদদের একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই রাজনীতি করতে হবে।" গত ১১ সেপ্টেম্বর সংকট নিরসনে দুই নেত্রীকে এক টেবিলে বসানোর কথা বলেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। খালেদা-হাসিনাকে এক সঙ্গে বসাতে গত রোববার সরকার ব্যারিস্টার রফিক উল হকের শরণাপন্ন হয়। কী কী ইস্যু নিয়ে তাদের এক টেবিলে বসানো যায় সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়। দুই নেত্রী ইতোমধ্যে বৈঠকের ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। দেশে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার 'এক-এগারো' পরিস্থিতি সম্পর্কে আমীর খসরু বলেন, "দুর্নীতি ও সংঘাতের রাজনীতির মাধ্যমে এর উদ্ভব হয়েছে। যা কখনও কাম্য নয়।" তবে এক-এগারোর সফলতা এখনও দৃশ্যমান হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এর সফলতা বোঝা যাবে বলে আমীর খসরু মন্তব্য করেন। তিনি বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকা উচিত। এজন্য দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।" দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী-রাজনীতিবিদদের জামিনে মুক্তি প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গত বছরের মে মাসে সিঙ্গাপুর চলে যান। গত রোববার ভোরে বিদেশ থেকে ঢাকা এসে গ্যাটকো ও সরকারি ১৮টি বাড়ি বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত দুটি মামলায় আদালত থেকে জামিন নেন। দীর্ঘদিন পর দেশে ফিরে দুটি মামলায় জামিন নেওয়ার বিষয়ে তিনি বলেন, "বর্তমানে ন্যায়বিচার পাওয়ার মত পরিবেশ সৃষ্টি হওয়ায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছি।" আগে কি ন্যায়বিচারের পরিবেশ ছিল না- এ প্রশ্ন এড়িয়ে যান সাবেক বাণিজ্য মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম এসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। বিএনপির রাজনীতিতে বিভক্তির বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, "হাজার-হাজার নেতাকর্মীর মধ্যে কিছু লোকের দ্বিমত থাকতেই পারে। বিএনপির মতো বড় দলের জন্য এটি তেমন কোন সমস্যা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/এমএইচবি/২০১৫ ঘ.