২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তড়িঘড়ি 'স্বাস্থ্যনীতি' না করার আহবান আ. লীগের

মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে 'জাতীয় স্বাস্থ্যনীতি' প্রণয়ন না করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। নতুন স্বাস্থ্যনীতি করার কাজটি নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দিতে বলছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে 'জাতীয় স্বাস্থ্যনীতি' প্রণয়ন না করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। নতুন স্বাস্থ্যনীতি করার কাজটি নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দিতে বলছে দলটি। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, "২০০০ সালে প্রণীত জাতীয় স্বাস্থ্যনীতি এখনো কার্যকর রয়েছে। এ অবস্থায় একটা নির্বাচিত সরকারের ওপরই নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নের দায়িত্ব দেওয়া উচিত।" তিনি বলেন, "আমাদের অনুরোধের ব্যত্যয় ঘটিয়ে যদি স্বাস্থ্যনীতি প্রণয়নের চেষ্টা হয় তা হলে ধরে নেওয়া হবে যে এতে স্বার্থান্বেষী মহলের হীন স্বার্থ জড়িত রয়েছে। এর বিরুদ্ধে আওয়ামী লীগ জনমত গড়ে তুলবে।" মোস্তফা জালাল জানান, প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে মেডিকেল কলেজগুলো পরিচালনার কথা বলা হয়েছে। এ কমিটির প্রধান থাকবে একজন সরকারি আমলা। এতে করে হাসপাতালগুলো অকার্যকর হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গত ৩ আগস্ট জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত করে সর্বসাধারণের মতামতের জন্য তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ সংবাদ সম্মেলনে ডেকেছেন বলে আগে সাংবাদিকদের জানানো হলেও সংবাদ সম্মেলনের আগেই আশরাফুল নেত্রকোনা চলে যান। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে ডা. জালাল সাংবাদিকদের কাছে ক্ষমা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/এমএইচবি/২২৩৫ ঘ.