ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারামুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটার করার জন্য আবারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। খালেদার সম্মতি পেলেই ইসি তাকে ভোটার করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন উনি (খালেদা জিয়া) ইচ্ছে করলেই তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া হবে।"
গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শুরুর পর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন খালেদা জিয়াকে তিনদফা অনুরোধ করলেও 'বন্দি অবস্থায়' ভোটার হতে চাননি তিনি।
ইসি সচিবালয়ের কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভোটার করতে তার ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সম্মতি পেলেই যে কোন সময় তাকে ভোটার করা হবে।"
তবে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান মিহির সারওয়ার ।
গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্ত হন।
গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শুরুর পর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন খালেদা জিয়াকে তিনদফা অনুরোধ করলেও 'বন্দি অবস্থায়' ভোটার হতে চান নি তিনি।
সর্বশেষ গত ১১ আগস্ট কারাগারে বন্দি অবস্থায় ভোটার হবেন না বলে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীকে জানিয়ে দেন খালেদা।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১২ ধারার 'ক' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এর আগে গত ১০ জুন বিশেষ কারাগারে বন্দি থাকা অবস্থায় ভোটার হন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান জানান, ডিসিসির চূড়ান্ত ভোটার তালিকা ছাপার কাজ এ সপ্তাহের মধ্যেই শেষ হবে।
এদিকে বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আগামী বছর জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ করার আগে এর প্রক্রিয়া নির্ধারণে 'পাইলট প্রকল্প' নেওয়া হবে। আগামী নভেম্বরে কোনো প্রত্যন্ত অঞ্চলে তা করা হবে।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে অন্তর্ভূক্তি, সংশোধন ও কর্তন করা যাবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ঠিকানা স্থানান্তর এবং নতুন করে ভোটার হওয়ার আবেদনের বিষয়গুলো কমিশন বিবেচনায় নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/এসকে/১৮৩০ঘ.
bdnews24