২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলেই ভোটার হতে পারবেন খালেদা

কারামুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটার করার জন্য আবারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। খালেদার সম্মতি পেলেই ইসি তাকে ভোটার করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারামুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটার করার জন্য আবারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। খালেদার সম্মতি পেলেই ইসি তাকে ভোটার করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। মঙ্গলবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন উনি (খালেদা জিয়া) ইচ্ছে করলেই তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া হবে।" ইসি সচিবালয়ের কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভোটার করতে তার ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সম্মতি পেলেই যে কোন সময় তাকে ভোটার করা হবে।" তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় নি বলে তিনি জানান। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্ত হন। গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শুরুর পর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন খালেদা জিয়াকে তিনদফা অনুরোধ করলেও বন্দি অবস্থায় ভোটার হতে চান নি তিনি। সর্বশেষ গত ১১ আগস্ট কারাগারে বন্দি অবস্থায় ভোটার হবেন না বলে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীকে জানিয়ে দেন খালেদা। ছিদ্দিকী তখন সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানিয়েছেন, তিনি ভোটার হবেন, তবে কারাগারে থাকা অবস্থায় নয়।" এর আগে গত ১০ আগস্ট কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বিধান জানতে চান ইসির কাছে। এ সময় সামসুল হায়দার ছিদ্দিকী কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে যান। সংশোধিত গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১২ ধারার 'ক' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর আগে গত ১০ জুন বিশেষ কারাগারে বন্দি থাকা অবস্থায় ভোটার হন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান জানান, ডিসিসির চূড়ান্ত ভোটার তালিকা ছাপার কাজ শেষ হওয়ার পথে। এ সপ্তাহের মধ্যে মুদ্রণ কাজ শেষ হবে। ডিসিসিতে এ পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৪ জন ভোটার হয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইসসি/জিএনএ/১৪২৪ ঘ.