ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ফুপাতো ভাই ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিতও করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ হাসিনা ও সেলিমের পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
হাসিনা ও সেলিমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব।
আদেশের পর শেখ হাসিনার কৌঁসুলি শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা ও শেখ সেলিমকে হাইকোর্ট তিন মাসের জামিন দিয়েছে। আজম জে চৌধুরীর দায়ের করা মামলার কার্যক্রমও আদালত স্থগিত করে দিয়েছে।"
তিনি আরও বলেন, মিগ-২৯ মামলা ছাড়া অন্য সব মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কার্যক্রম স্থগিত রয়েছে। নাইকো, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নূর আলীর চাঁদাবাজি মামলায় হাসিনা এখনও জামিন পাননি। এ মামলা তিনটিতে তার জামিন দরকার।
হাসিনা দেশে ফেরার আগেই জামিন আবেদন করা হবে বলেও তিনি জানান।
তবে এ মামলা তিনটির কার্যক্রম স্থগিত থাকায় শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা যাবে না বলেও তিনি জানান।
শফিক আহমেদ বলেন,"শেখ সেলিমের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছিল। দুটিতেই তিনি জামিন পেয়েছেন। তার কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।"
তিনি বলেন,"জরুরি বিধিমালার ১৯ ক বিধি অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। কিন্তু ওই নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ হয়নি। ফলে নিম্ন আদালতের এ মামলা পরিচালনার এখতিয়ার নেই।"
এদিকে শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব মামলার বিচার কার্যক্রম স্থগিত না করার আবেদন জানিয়ে আদালতকে বলেন,"মামলার কার্যক্রম স্থগিত হলে ন্যায় বিচার ব্যাহত হবে।"
ব্যারিস্টার শফিক বলেন, "মামলাটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ইতোপূর্বে রুল জারি করেছিল। নিম্ন আদালতের মামলার কার্যক্রম স্থগিত না করা হলে সেই রুল অকার্যকর হয়ে যাবে।"
আদালতও ব্যারিস্টার শফিকের বক্তব্য সমর্থন করে বলেন, "মামলার কার্যক্রম স্থগিত না হলে হাইকোর্টের রুল অকার্যকর হয়ে যাবে। তাই আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য মামলাটির কার্যক্রম স্থগিত করে দিচ্ছি। তবে রিটকারী পক্ষকে রুল শুনানির উদ্যোগ নিতে হবে।"
আদালত ১২ অক্টোবর অবকাশ শেষ হবার এক সপ্তাহ পর ১৯ অক্টোবর পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করে তিন মাসের জন্য শেখ হাসিনাকে জামিন দেন। শেখ সেলিমকেও একই সময় পর্যন্ত জামিন দেয় হাইকোর্ট।
তবে শেখ হাসিনার আবেদনে পুরো মামলার কার্যক্রম স্থগিত করায় শেখ সেলিমের বিরুদ্ধেও এ মামলার কার্যক্রম চলবে না বলে ব্যারিস্টার শফিক জানান।
গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান শেখ হাসিনা ও শেখ সেলিম। একইসঙ্গে হাসিনা এ মামলার কার্যক্রম স্থগিতেরও আবেদন জানান।
গত ২৮ আগস্ট হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি আদেশ জারি করে।
এর আগে হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
তবে গত ২৪ জানুয়ারি করে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। তার পর থেকে মামলাটির নিম্ন আদালতের বিচার কার্যক্রম চলছে।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে সাংবাদিকদের কাছে হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের কথা অস্বীকার করেন তিনি। বিচার চলাকালে আদালতে তিনি হাসিনাকে চেনেন না বলেও জানান।
একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়।
গত ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এর আগে এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ৩০ জুলাই প্রথমবাবের মতো হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিবের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ এ মামলার শুনানি একদিন পিছিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/০১৫৪ ঘ.
bdnews24