২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদা একত্রে কেন বসবেন- প্রশ্ন জিল্লুরের

খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক সঙ্গে বসানোর সরকারের পরিকল্পনার মধ্যেই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তাদের একত্রে বসার কারণ খুঁজে পাচ্ছি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক সঙ্গে বসানোর সরকারের পরিকল্পনার মধ্যেই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তাদের একত্রে বসার কারণ খুঁজে পাচ্ছি না। হাসিনাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া না হলে ঈদের পরে কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সোমবার নিজের বাসায় জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ও খালেদা জিয়া কেন এক সঙ্গে বসবেন, তা আমরা বুঝতে পারছি না।" ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া এদিন দলের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের পরই জিল্লুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অবিলম্বে শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে বলেন, "ঈদের আগেই আমরা দলের সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি চাই। তা না হলে ঈদের পর কর্মসূচি দেওয়া হবে।" গত শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের পর খালেদা-হাসিনাকে এক টেবিলে বসানোর বিষয়টি উঠে আসে। এ পরিকল্পনা সফল করতে দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের দ্বারস্থও হয়েছে সরকার। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার বলেন, "দুই নেত্রীকে আলোচনায় বসাতে তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে উপদেষ্টাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। কী কী ইস্যু নিয়ে তাদের এক টেবিলে বসানো যায়, সে বিষয়ে কথা হয়েছে।" এর আগে গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে ব্যারিস্টার রফিক বলেন, "দেশের স্বার্থে কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে তাদের (হাসিনা-খালেদা) আলোচনায় বসতে হবে।" নিজের বাসায়ই ওই বৈঠকের প্রস্তাব দেন তিনি। তবে জিল্লুর রহমান শুক্রবার সাংবাদিকদের বলেন, "বন্দি হাসিনা কারও সঙ্গেই কোনও বৈঠক করবেন না।" সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা চার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার মুক্ত হন। হাসিনা-খালেদার সম্ভাব্য বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত রোববার যুবলীগের এক সভায় বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার দায়িত্ব খালেদা জিয়া সরকারকে নিতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলা কেন পাঁচ বছর ঝুলিয়ে রাখা হলো, তাও জনগণের সামনে বলতে হবে। এ সবের জন্য জনগণের সামনে করজোড়ে মাফ চাইতে হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, বৈঠক হবে কিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএইচবি/১৮৩৪ ঘ.