২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত ওবায়দুল কাদেরের পাসপোর্ট ফেরত দিতে বলেছে: আইনজীবী

আদালত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্ট ও জব্দ করা অন্যান্য দলিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্ট ও জব্দ করা অন্যান্য দলিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঢাকা মহানগর হাকিম ফয়সল আতিক বিন কাদের এ আদেশ দেন। এতে বলা হয়, 'পাসপোর্ট হাতে পাওয়ার পর আদালতের অনুমতি নিয়ে অসুস্থ ওবায়দুল কাদের দিল্লীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হবেন।" মানিক গত ৯ সেপ্টেম্বর ওবায়দুল কাদেরের পাসপোর্ট ও জব্দকৃত অন্যান্য দলিল ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে রমনা থানার উপ পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর শনিবার জব্দ তালিকা ও প্রতিবেদন আদালতে জমা দেন। ২০০৭ সালের ৮ মার্চ রাতে যৌথবাহিনী ওবায়দুল কাদেরের সেগুনবাগিচার বাসায় তল্লাশি চালিয়ে পাসপোর্টসহ আরও বেশ কিছু দলিল জব্দ করে। পরদিন ভোরে খিলগাঁও এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৩০ ঘ.