২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় সাইফুর-মাহবুব

সদ্য জামিনে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকেলে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম সাইফুর রহমান ও মাহবুবুর রহমান। 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এই দুই নেতা বিকাল ৪টার দিকে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য জামিনে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকেলে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম সাইফুর রহমান ও মাহবুবুর রহমান। 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এই দুই নেতা বিকাল ৪টার দিকে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় যান। খালেদার ঘনিষ্ঠ এক বিএনপি নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুর রহমান ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।" এর আগে দুই নেতা টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলে বৈঠকের সময় ঠিক করেন বলে সাবেক প্রধানমন্ত্রীর বাসায় একজন সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে থেকেই সাইফুর ও মাহবুব তখনকার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার দেওয়া সংস্কার প্রস্তাব সমর্থন করে আসছিলেন। এরপর গত ২৯ অক্টোবর সাইফুর রহমানের বাসায় দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে সাইফুর নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে খালেদা মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে বাদ দিয়ে দলের সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ দেন। অবশ্য গত ৭ মে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে সাইফুর সাংবাদিকদের বলেন, "২৯ অক্টোবর রাতের বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আদালতে হলফনামা দেওয়ায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ এখন অকার্যকর।" গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন ঘোষণা করেন, "বিএনপিতে কোনও বিভেদ নেই। সবাইকে নিয়েই আমি কাজ করব।" এদিকে খালেদার আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার নামাজ ও দোয়া দরুদের মাধ্যমে আল্লাহর কাছে শোকরানা আদায় করেছেন। দুই ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েসহ কয়েকজন নিকট আত্মীয় এদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.