২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের বিষয়ে সিদ্ধান্ত হাসিনা ফেরার পর: জিল্লুর

আব্দুল জলিলকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার পুনরায় দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত শেখ হাসিনা দেশে ফেরার পর নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল জলিলকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার পুনরায় দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত শেখ হাসিনা দেশে ফেরার পর নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, "নেত্রী (হাসিনা) ফিরে আসার পরই জলিল সাহেবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল গত বুধবার দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর দলীয় পদে ফেরার ঘোষণা দেন। জিল্লুর রহমানও এতে সায় দিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেকনিক্যাল গ্রাউন্ডে আব্দুল জলিলকে তার দায়িত্বভার হস্তান্তর করা হচ্ছে না। আশরাফুল ইসলাই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।" কারাবন্দি আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন। আব্দুল জলিলের স্বাক্ষর সম্বলিত ওই চিঠি ৫ জুলাই তার স্ত্রী রেহানা জলিল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন। এ কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশেই জলিলকে সাধারণ সম্পাদক পদে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে জিল্লুর রহমান এ অভিযোগ নাকচ করে বলেছেন, "আমরা সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি।" গুলশানের বাসায় জিল্লুর সাংবাদিকদের বলেন, "তিনি (জলিল) রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। তাই 'টেকনিক্যাল গ্রাউন্ডে' তাকে এই মুহূর্তে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে না।" 'টেকনিক্যাল গ্রাউন্ড' এর ব্যাখ্যা জানতে চাইলে জিল্লুর বলেন, "একটা অবস্থায় তিনি পদত্যাগ করেছিলেন। আমরা তা গ্রহণ করব, কী করব না- সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই বিষয়টির ফয়সালা এখনও হয়নি বলেই সৈয়দ আশরাফুল ইসলামই সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকছেন। বিষয়টি নেত্রীকেও জানানো হয়েছে।" জামিন পেয়েই নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জলিলের ঘোষণার বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "তিনি এভাবে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নিলেই পারতেন।" জিল্লুর জানান, জলিলকে পুনরায় দায়িত্বভার দেওয়া হচ্ছে না- এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় জলিলের সঙ্গে দলের নীতিনির্ধারকদের কেউ ছিলো না। সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ওই দায়িত্ব যুগ্ম সাধারণ সম্পাদক পালন করলে দলে তার কোনও প্রভাব পড়বে কিনা- প্রশ্ন করা হলে জিল্লুর বলেন, "দলে এর কোনও প্রভাব পড়বে না। আর জলিল সাহেবকে আমরা ছেড়ে দিইনি। তিনি আমাদের সঙ্গেই আছেন।" এ বিষয়ে শুক্রবার আব্দুল জলিলের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়েও সাংবাদিকরা সফল হননি। সাংবাদিকরা বাসায় গেলে জলিলের সহকারী আকরাম হোসেন নিরাপত্তা কর্মীদের মাধ্যমে সাংবাদিকদের জানান, তিনি কারও সঙ্গে কোনও কথা বলবেন না। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাবন্দি এ নেতা গত ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। গত ৩১ আগস্ট দেশে ফেরেন। দেশে ফেরার পর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। বুধবার আদালত তাকে ২০ অক্টোবর পর্যন্ত জামিন দেয়। জামিন পেয়েই জলিল জানান, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে ফিরছেন। দেশের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জলিলের যে চিঠি তার স্ত্রী প্রকাশ করে, তাতে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিষয়কে কারণ হিসাবে দেখানো হয়। ওই চিঠিতে দলে গণতন্ত্রের চর্চা নেই অভিযোগ করে এর জন্য সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়। চিঠিতে বলা হয়, "আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এটি এখন একনায়ককেন্দ্রিক দলে পরিণত হয়েছে। দলের সবাই মিলে সভানেত্রীকে তোষণ করে তাকে সর্বময় কর্তৃত্ব দেওয়ার ফলে তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনও পরিবেশ বা সুযোগ ছিলো না। তার একক নেতৃত্বে দল চলার ফলে আজ এই অবস্থা ও বিপর্যয় হয়েছে।" তবে জামিনের পর বুধবার ওই চিঠির বক্তব্য অস্বীকার করে জলিল বলেন, "কারাবন্দি থাকা অবস্থায় কী চিঠি কোথায়-কীভাবে এসেছে, তা আপনারা সবাই বোঝেন। এ নিয়ে কেন খোঁচাচ্ছেন?" জলিল দাবি করেন, চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে তার স্ত্রী সরকারের কাছে আবেদন করেছিলেন। রাজনীতি ছেড়ে দেওয়া সম্পর্কিত কোনও চিঠি তার স্ত্রী পড়েননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৪ ঘ.