ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য লন্ডন রওনা হয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার রাত ৯ টা ৪৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তারেকের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত তারেক আর রাজনীতি করবেন না। বিমানে ওঠার আগে তারেক দলীয় পদ ত্যাগের বিষয়ে একটি পত্র দিয়ে গেছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তারেকের আইনজীবী আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেকের সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জোবাইদার বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, বিন্দুর স্বামী অবসরপ্রাপ্ত কমডোর শফিউজ্জামান ও তারেকের চিকিৎসক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন একই বিমানে লন্ডন যাচ্ছেন।
এর আগে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিমানবন্দরে পৌঁছান তারেক। ৫টি পুলিশের গাড়ি ও প্রায় ২৫টি মোটরসাইকেলে বিএনপি সমর্থকরা অ্যাম্বুলেন্সের সঙ্গে বিমানবন্দর পর্যন্ত আসে। মোটরসাইকেল আরোহী সমর্থক ও তারেককে বিদায় জানাতে আসা শতাধিক কর্মী বিমান বন্দরে সামনে অবস্থান নিলে বিমানবন্দর মোড়ের প্রধান সড়কে যানজট তৈরি হয়। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং বিমানবন্দরের প্রবেশমুখসহ কিছু স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ সময় যাত্রী ছাড়া কাউকে বিমান বন্দরে ঢুকতে দেয়া হয়নি।
অ্যাম্বুলেন্সে তোলার আগে তারেকের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম দোলন জানান, তারেক রহমান কোমর ও মেরুদণ্ডে ব্যথা অনুভব করছেন। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। প্রয়োজনে তাকে জার্মানিতেও নেওয়া হবে।
তারেককে বিদায় জানাতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কয়েক হাজার নেতা-কর্মী হাসপাতাল ও বিমান বন্দরের সামনে উপস্থিত হন।
তারেকের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকালে জামিনে মুক্তি পান। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ ছেলের পাশে কিছু সময় কাটান তিনি।
বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিকদের জানান, তার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সুস্থ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করবেন না।
গত বছরের ৮ মার্চ ভোররাতে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তারেক। তবে অসুস্থতার কারণে মুক্তি পাওয়ার পরও হাসপাতালেই অবস্থান করেন তিনি।
তারেককে গ্রেপ্তারের পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/টিএইচ/জিএনএ/জেকে/২১৫৫ ঘ.
bdnews24