ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য জামিনে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকেল ৫টা ২০ এ তার মইনুল রোডের বাসায় পৌঁছেছেন। বিএনপি'র মিডিয়া কো-অর্ডিনেটর মহিউদ্দিন মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গেই ইফতার করেছেন খালেদা জিয়া।
এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সঙ্গে এক বৈঠকের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, তার দল সরকারের সঙ্গে সংলাপ ও নির্বাচনে অংশ নেবে।
এছাড়া পুরোপুরি সুস্থ না হয়ে তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান রাজনীতি করবেন না বলে জানিয়েছেন খালেদা।
বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর অগণিত নেতাকর্মী নেত্রীকে দেখতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
এক বছর ৭ দিন আটক থাকার পর বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১১ টা ৩৫ এর দিকে কারাগারের বাইরে আসেন তিনি। এ সময় খালেদার পরনে ছিল সাদা সুতির শাড়ি, চোখে খয়েরি রঙয়ের সানগ্লাস। মুক্তি পেয়েই প্রয়াত স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান, এম কে আনোয়ার, নুরুল হুদা, সেলিমা রহমান, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দীকী ও রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা খালেদার তার সঙ্গে ছিলেন।
জিয়ার সমাধি প্রাঙ্গণ থেকে দুপুর ১২টা ৪০মিনিটে বড় ছেলে তারেককে দেখতে বঙ্গবন্ধু মেডিক্যালের উদ্দেশে রওনা হন খালেদা।
এ সময় খালেদার গাড়ি ঘিরে ছিল অসংখ্য উৎফুল্ল নেতাকর্মীর ভিড়। ফুলের পাপড়ি ছিটিয়ে ও স্লোগান দিয়ে নেত্রীকে স্বাগত জানায় তারা। ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা করে গাড়ি বহরকে পথ দেখায়।
দুপুর ১২টার দিকে খালেদা জিয়া স্বামীর মাজারে প্রবেশ করেন এবং মাজার জিয়ারত করেন। এর পর তিনি মাজারে ফুল দেন। এসময় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, হান্নান শাহ ও গয়েশ্বর রায়সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দুপুর দেড়টার দিকে খালেদা জিয়া তার বড় ছেলে তারেককে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। সেখান থেকে বিকেল সোয়া চারটার দিকে পৌঁছান নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান ফুল নিয়ে বিশেষ কারাগারের ভিতরে যান।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বেলা ১১টার দিকে বিশেষ কারাগারে যান।
খালেদা জিয়া মুক্তি পেয়ে প্রথমেই জিয়ার মাজারে যাবেন এ খবর পেয়ে বিএনপির হাজার হাজার কর্মী সমাধি প্রাঙ্গণে সমবেত হন। সমাধি এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে খালেদার মুক্তির খবরে সংসদ ভবনের পেছনের রাস্তায় (লেক সড়ক) বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গত বছরের ৩রা সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর খালেদার বিরুদ্ধে আরো তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই তিনি পর্যায়ক্রমে জামিন পান।
বুধবার রাতে খালেদার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। সে সময় উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার যে কোনো সময় খালেদা মুক্তি পেতে পারেন।
খালেদার ছোট ছেলে কোকো এবং বড় ছেলে তারেক রহমান আগেই মুক্তি পেয়েছেন। গত ১৭ই জুলাই কোকোকে চিকিৎসার জন্য সাময়িকভাবে এবং ৩রা সেপ্টেম্বর তারেককে জামিনে মুক্তি দেওয়া হয়।
এর আগে কয়েকটি মামলার আসামী আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চিকিৎসার জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। গত বছরের ১৬ই জুলাই গ্রেপ্তারের পর এ বছরের ১১ই জুন হাসিনাকে চিকিৎসার জন্য আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়। সরকার তার মুক্তির মেয়াদ আগামী ৬ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। হাসিনা চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এলএইচ/জিএমএ/এইচবি/আরএ/জিএনএ জেকে/১৮৪০ ঘ.
bdnews24