ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তির দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রতিবাদ সভার আয়োজন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।
যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং সাধারণ সম্পাদক মির্জা আজমেরও মুক্তি দাবি করেন তিনি।
মুজিবুর রহমান জানান, আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সকাল সাড়ে ১১টায় মতবিনিময় করবে যুবলীগ। জিল্লুর রহমানের গুলশানের বাসায় এ মতবিনিময় সভা হবে।
রোববার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) উদ্যোগে একটি প্রতিবাদ সভা হবে।
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের সব উপজেলায় প্রতিবাদ সভা করবে যুবলীগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব জেলায় প্রতিবাদ সভা হবে এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা হবে।
এছাড়া ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর সকাল দশটায় মহানগর নাট্যমঞ্চে প্রতিবাদ সভা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৭০৫ ঘ.
bdnews24