ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
একইসঙ্গে জলিলকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তার কারণ জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে আদালত। এ জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
প্যারোলে মুক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পক্ষে মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম।
শুনানিতে ব্যারিস্টার আমীর বলেন, "সরকার আব্দুল জলিলকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। আজ তার প্যারোলের মেয়াদ শেষ হচ্ছে। প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য তিনি কোনও আবেদন করেননি। এ বিষয়ে আমরা কোনও খবরও জানি না।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক আদেশে জলিলের প্যারোলের মেয়াদ আরও ১০ দিন বাড়ায়।
ব্যারিস্টার আমীর আরও বলেন, "দুদক মামলা দায়ের ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন যথাযথভাবে অনুসরণ করেনি।"
তিনি জলিলের সর্বশেষ চিকিৎসা প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।
আদালত তখন জানতে চায়, "মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে কিনা?"
জবাবে ব্যারিস্টার আমীর বলেন, "গত ২০ আগস্ট মামলাটি হাইকোর্ট দুই মাসের জন্য মামলাটির কার্যক্রম স্থগিত করেছিল। এ বিষয়ে ২১ অক্টোবর হাইকোর্টে পরবর্তী আদেশের দিন ধার্য রয়েছে।"
এর পর আদালত ২০ অক্টোবর পর্যন্ত জলিলকে জামিন দেয়।
অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত বছরের ২৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। এর আগে গত বছরের ৮ আগস্ট জলিলকে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক।
মামলায় জলিলের বিরুদ্ধেজমা দেওয়া হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তি কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়।
গত বছরের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ বছর ২ মার্চ চিকিৎসার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট তিনি দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১২২৪ ঘ.
bdnews24