ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবার আগে সংসদ নির্বাচন করতে তফসিল ঘোষণা, জরুরি অবস্থা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চারদলীয় জোট আগামী ২০ সেপ্টেম্বর সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। অন্য তিনটি দাবি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা ও রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।
মঙ্গলবার রাতে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গণমাধ্যমের কাছে এ কর্মসূচি জানান।
বিএনপি মহাসচিব বলেন, "হাইকোর্ট আজ (মঙ্গলবার) খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে। তিনি মুক্ত না হওয়া পর্যন্ত দাবি আদায়ে কর্মসূচি পালন করব। আমরা সরকারকে বলতে চাই আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত খালেদা জিয়াকে মুক্তি দিন। এতে আর কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।"
তিনি অভিযোগ করেন, তারেক রহমানকে এখনও বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেনি সরকার। "আমরা তাকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"
খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে তার ন্যাম ফ্ল্যাটের বাসায় চারদলের মহাসচিবদের মধ্যে এই বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামি, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহাম্মেদ আব্দুল কাদের ও বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন।
রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বৈঠক চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/২৩৪৮ ঘ.
bdnews24