ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের অভিযোগ করে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার জেলা জজ আদালতে মঙ্গলবার এ মামলা দায়ের করেন সলিমুল্লাহ রোডের সৈয়দ আমির আলী।
জেলা জজ আদালত থেকে বিবাদিদের প্রতি আদালতে হাজির হয়ে জবাব দাখিলের জন্য সমন পাঠানো হয়েছে। মামলার আরেকজন বিবাদি হচ্ছেন সাভারের জিনজিরা গ্রামের মোহাম্মদ আলী।
মামলার আরজিতে আমির আলী বলেন, বিবাদিরা তার সাভার থানাধীন জিনজিরা মৌজার ৫ কাঠা জমি দখল করেছেন এবং বাদিকে ওই জমিতে প্রবেশে বাধা দিচ্ছেন।
১৯৮০ সালে সাভারের জনপথ হাউজিং লিঃ থেকে তিনি ওই জমি কিনেছিলেন দাবি করে বাদি বলেন, রাশেদ মোশাররফ আওয়ামী লীগ সরকারের ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর কেনা জমি থেকে তাকে দখল চ্যুত করেন।
আরজিতে বলা হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনপথ হাউজিং এর চেয়ারম্যান হন রাশেদ মোশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২৮ঘ.
bdnews24