২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে খালেদাকে মুক্তি দিন: দেলোয়ার

আদালতে জামিন পাওয়ার পর এখন দেরি না করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে জামিন পাওয়ার পর এখন দেরি না করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, "আর কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দ্রুত খালেদা জিয়াকে সরকার মুক্তি দেবে- এটা জনগণ প্রত্যাশা করছে। তারা (সরকার) আদালতের আদেশের প্রতি সম্মান দেখাবে বলে আমরা মনে করি।'' গ্যাটকো ও নাইকো মামলায় মঙ্গলবার হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দেয়। এর মধ্য দিয়ে চারটি মামলার সবগুলোতেই জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন। ফলে তার মুক্তিতে আর আইনগত কোনও বাধা নেই বলে আইনজীবীরা দাবি করছেন। হাইকোর্টে যখন খালেদার জামিন আদেশ হয়, তখন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চারদলীয় জোটের সভা চলছিল। খালেদার মুক্তিসহ পাঁচ সফা দাবিতে ওই সভা ডাকা হয়। জামিনের খবর সভায় এলে উপস্থিত নেতা-কর্মীরা তুমুল করতালি দিয়ে আনন্দ প্রকাশ করে। সভার সভাপতি খোন্দকার দেলোয়ার বলেন, "খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে বিদেশে পাঠানো হলে আমাদের দুটি দাবি আংশিকভাবে পুরণ হবে। কিন্তু অন্য দাবিগুলোও সরকারকে মেনে নিতে হবে।" বিএনপির অন্য দাবিগুলো হচ্ছে- জরুরি অবস্থা প্রত্যাহার, সবার আগে জাতীয় নির্বাচন দেওয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের সমালোচনা করে খোন্দকার দেলোয়ার বলেন, "গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করার পর আমাদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।" ইসির তৃতীয় দফা সংলাপে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শরিকরা অংশ নিচ্ছে না। সংসদের আগে উপজেলা নির্বাচনের পরিকল্পনাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে খোন্দকার দেলোয়ার বলেন, "জাতীয় নির্বাচনের আগে অন্য কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না।" পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নে দেরি হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আপনারা (বর্তমান সরকার) যত বেশিদিন ক্ষমতায় থাকবেন, দেশের পরিণতি তত ভয়াবহ হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে চলে যান।'' দেলোয়ার আশা প্রকাশ করে বলেন, "সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিসহ চার দল আবার সরকার গঠন করবে।" সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে হলে জনগণ আন্দোলনে নামবে। তাই ওই পথ পরিহার করুন।" সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরএ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/