ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের আসন্ন মুক্তির খবরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল) এলাকায় ভিড় জমিয়েছে বিএনপি নেতা-কর্মীরাসহ উৎস্যুক জনতা। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতাল এলাকায় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। (আরো তথ্যসহ-১)
তারেক রহমান বুধবার বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন বলে কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, তারেক রহমান মুক্তি পাচ্ছেন- এ খবর পেয়ে বুধবার সকাল থেকেই বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয় হাসপাতাল এলাকায়। এর সঙ্গে যুক্ত হয় উৎসুক জনতাও।
হাসপাতাল এলাকায় বিএনপি সমর্থকরা ক্ষণে ক্ষণে স্লোগানও দিচ্ছেন। ওয়ার্ডসহ হাসপাতালের ভেতরেও ঢুকে পড়েছেন বিএনপি সমর্থকরা।
ভিড়ের কারণে হাসপাতালে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে একাধিক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুপুর ১টার দিকে হাসপাতাল এলাকায় যান সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এ নেতাকে দেখে বিএনপি কর্মীরা 'দালাল-দালাল' স্লোগান দিয়ে তার ওপর চড়াও হয়। যুবদলের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও পুলিশ সদস্যরা তখন মিলনকে উদ্ধার করে নিয়ে যায়।
মিলন তোপের মুখে পড়ার পর সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদসহ বেশ কয়েকজন 'সংস্কারপন্থী' নেতা হাসপাতাল এলাকা থেকে সটকে পড়েন।
ঘটনার পর মিলন টেলিফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কখনোই সংস্কারপন্থী ছিলাম না। আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।"
তিনি বলেন, "আমি ছাত্রজীবন থেকে ছাত্রদল করি এবং এই বিএনপির জন্য আমি আমার জীবন ও শ্রম উৎসর্গ করেছি। এমনকি আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছি। আজকে আমার নেতা তারেক রহমানের মুক্তির আগে আমি যখন হাসপাতালে উপস্থিত হই তখন আমাকে যারা অপদস্ত করেছে তারা হঠকারী কাজ করেছে। তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে আরেকটি ১১ জানুয়ারির জন্ম দিতে চায়।"
তিনি জানান, আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ন্যাম ফ্লাটের বাসভবনের ওপরতলায় বাস করতেন। কিন্তু ২০০৭ সালে ১১ জানুয়ারির পর তাকে সংস্কারপন্থীদের দলে যোগ দিতে বললে তিনি সেই ফ্ল্যাট ছেড়ে চলে যান।
এর আগে কারা কর্মকর্তা সামসুল হায়দার ছিদ্দিকী সকাল ৯টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেকের মুক্তি সংক্রান্ত সব কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার পরপরই তাকে মুক্ত করা হবে।"
তারেকের মুক্তি প্রত্যাশা করে মঙ্গলবারও হাসপাতালে ভিড় জমায় বিএনপি নেতা-কর্মীরা। দিনভর অবস্থান শেষে রাতে আইনজীবীরা যখন নিশ্চিত করেন, মঙ্গলবার তারেকের মুক্তি হচ্ছে না; তখন নেতা-কর্মীরা হাসপাতাল ছাড়েন।
তারেকের স্ত্রী জোবাইদা রহমানও মঙ্গলবার হাসপাতালে তারেকের সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতেই স
bdnews24