২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির তিন দিনের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জরুরি অবস্থার কারণে কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 07:07 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জরুরি অবস্থার কারণে কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে। ১ সেপ্টেম্বর সোমবার বিএনপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, সোমবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। মঙ্গলবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা হবে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা এ সব কর্মসূচিতে অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.