ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোট সরকারের আমলে বিচার বিভাগে 'নগ্ন দলীয়করণের' কারণেই এখন একদিনে এক ব্যক্তি পাঁচ মামলায় জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শনিবার তিনি বলেছেন, "জোট সরকারের নগ্ন দলীয়করণের চেহারা প্রকাশ পেয়েছে একদিনে একজনের পাঁচটি মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে। বিচার বিভাগের এই নগ্ন দলীয়করণ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।"
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক লীগের আলোচনা সভায় আমু এ কথা বলেন।
হাইকোর্টের একটি বেঞ্চ গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ১৩ দুর্নীতি মামলার আসামী তারেক রহমানকে পাঁচটি মামলায় জামিন দেয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু আরও বলেন, "জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন হতে পারে। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না।"
কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২০৪২ঘ.
bdnews24