চট্টগ্রাম, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার ছেলে তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চট্টগ্রামে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
কর্মসূচি চলার সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং উত্তর জেলার সভাপতি গোলাম আকবর খোন্দকার, সাবেক সাংসদ রোজী কবীর, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহমদ খলিল খান, অধ্যাপক মো. ইউনূস, সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৮৩২ ঘ.
bdnews24