ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় অভিযুক্তদের কারামুক্তির সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার সাভারে ওয়ার্কার্স পার্টির এক সভায় মেনন বলেন, "দুর্নীতিবাজরা এখন ফুলের মালা নিয়ে জেল থেকে বেরিয়ে আসছে। তাদের মুক্তির জন্য নিরীহ মানুষের প্রাণ গেছে। আসলে দুর্নীতি নয়, রাজনীতিই ছিল সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্য।"
তিনি জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়কে 'দুর্ভাগ্যজনক' মন্তব্য করে বলেন, "বিচার ব্যবস্থা কী এমনই অন্ধ যে বাস্তবতাকে তারা স্বীকার করবেন না। অভিযুক্তদের খালাস দেওয়া হলে জেলখানায় চার জাতীয় নেতাকে কারা হত্যা করেছিল?"
রাশেদ খান মেনন অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি সবার জন্য রেশনিং ব্যবস্থা চালুরও প্রস্তাব দেন।
ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সম্পাদক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আশরাফউদ্দিন খান ইমু, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা আলমগীর হোসেন, ফারুক আলম, মেহেদি হাসান মিঠু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/২০২৬ঘ.
bdnews24