২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন লাগবে: আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সবগুলো মামলায় জামিন পেলেও মুক্তির প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সবগুলো মামলায় জামিন পেলেও মুক্তির প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। (বিস্তারিত) শুক্রবার হাসপাতালে তারেকের সঙ্গে দেখা করে এসে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার নওশাদ জমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' তারেক রহমানকে মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জামিন দিয়েছেন। এখন আদেশ কার্যকর করতে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। আশা করছি অতি দ্রুতই তা সম্পন্ন হবে।'' দুই আইনজীবী বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান। সোয়া ছয়টায় বেরিয়ে এসে তারা সাংবাদিকদের বলেন,' আইনি প্রক্রিয়ার কাজগুলো চলছে।' ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, তারেক রহমান সবাইকে আসন্ন রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। তারেকের কোমর ও মেরুদণ্ডের ব্যথা আগের মতোই আছে জানিয়ে ব্যারিস্টার কায়সার বলেন, তিনি বেশ দুর্বল। ব্যারিস্টার নওশাদ জমির জানান, তারেক রহমানের সঙ্গে তাদের বিভিন্ন মামলার জামিন আদেশ ও এর আইনি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর ৭ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তিনি ব্যাপক ক্ষমতা অপব্যবহার করেছেন বলে ধারণা করা হতো। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা মামলা ধামাচাপা দেওয়াসহ ১৩ টি মামলা হয়েছে। এর আগে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশের সব কাগজ হাতে পেলে সেগুলো যাচাইয়ের পর তারেক রহমানকে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার রাতে মেজর ছিদ্দিকী বলেন, " কারা কর্তৃপক্ষের কাছে এখনো সব মামলার জামিনের কাগজ পৌঁছেনি। সবগুলো কাগজ যাচাই করার পর মুক্তি হবে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭টি মামলায় জামিনের কাগজ আমাদের হাতে এসেছে। এগুলো যাচাই করা হচ্ছে।" পুরো প্রক্রিয়া শেষ হতে আরো দু'একদিন লাগতে পারে বলে তখন কারা কর্মকর্তা জানান। বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেককে আট সপ্তাহের জন্য জামিন দেয়। এর মাধ্যমে তিনি বিচারাধীন ১৩টি মামলার সব কয়টিতে জামিন পেলেন। সর্বশেষ ওই জামিন আদেশের পর তারেকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলাতেও জামিন পাওয়ায় তারেকের কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/২১০৩ঘ.