ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমঝোতা কিংবা আপস নয়, আইনি লড়াই চালিয়েই খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির সহ সভাপতি এমকে আনোয়ার।
তিনি বলেছেন, "সরকারের সঙ্গে কোনও সমঝোতা কিংবা আপস করে খালেদা জিয়া মুক্তি নেবেন না। আইনি প্রক্রিয়াতেই তিনি শিগগিরই মুক্ত হয়ে আসছেন।"
শুক্রবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সভা শেষে এমকে আনোয়ার সাংবাদিকদের এ কথা বলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি দুটি মামলায়ও তিনি জামিন পাবেন বলে আশা প্রকাশ করছেন একে আনোয়ার। এর মধ্যে খালেদার সঙ্গে গ্যাটকো দুর্নীতি মামলায় অন্যতম আসামি এমকে আনোয়ার বর্তমানে জামিনে মুক্ত।
এমকে আনোয়ার বলেন, "বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। খালেদা জিয়া মুক্তি পেলেই বিএনপিসহ চার দল সংলাপ ও নির্বাচনে অংশ নেবে। তবে এ জন্য পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের।"
তিনি নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে জরুরি অবস্থা তুলে নিয়ে সবার আগে জাতীয় নির্বাচনের দাবি জানান।
বিএনপির সহ সভাপতি বলেন, "সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে। উপজেলা নির্বাচনের দায়িত্ব এ সরকারের নয়। উপজেলা নির্বাচন আগে করার ব্যাপারে সরকারের আগ্রহ জাতীয় নির্বাচনকে সংশয়াচ্ছন্ন করে তুলেছে।"
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন জানিয়ে এমকে আনোয়ার বলেন, "প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরপরই তারেক রহমান মুক্ত হবেন।"
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
শুক্রবারের সভায় দলকে চাঙ্গা করতে রমজান মাসে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সফরের সিদ্ধান্ত হয়। সফরের জন্য দলের সহসভাপতি রাবেয়া চৌধুরীকে প্রধান করে একটি প্রতিনিধি দলও ঠিক করা হয়।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম বিভাগে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রমজান মাসে আমরা জেলা সফরের মাধ্যমে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করব।"
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের বাসায় অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, সহ সভাপতি নূরুল হুদা, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, গাজী শাহজাহান জুয়েল, রোজী কবির, আব্দুল গফুর ভূঁইয়া, আহমেদ নজীর, গোলাম আকবর খোন্দকার, মাহবুবউদ্দিন খোকন, রেহানা আখতার রানু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৭৩৯ ঘ.
bdnews24