ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দফা সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠি গ্রহণ করেছে বিএনপি। খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব সম্বোধন করে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়।
ইসি আগামী ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে। এর আগে বিএনপির চিঠি অস্থায়ী মহাসচিব হিসেবে হাফিজউদ্দিন আহমেদের নামে পাঠানো হলেও এবার আমন্ত্রণের তালিকায় তিনি নেই।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খোন্দকার দেলোয়ারের নামে পাঠানো চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন।
খোন্দকার দেলোয়ার বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, সংলাপে যাবেন কিনা- তা চিঠি পাওয়ার পর চার দলীয় জোটের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
গত বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপে ইসি বিএনপির চিঠি পাঠায় দলটির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিনের নামে। দেলোয়ার নেতৃত্বাধীন অপর অংশ এতে আপত্তি জানায় এবং এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ফলে প্রথম দফায় অন্য দলগুলোর সঙ্গে হলেও বিএনপির সঙ্গে ইসির সংলাপ হয়নি।
আদালতের সিদ্ধান্তের পর দ্বিতীয় দফা সংলাপে হাফিজউদ্দিনের নামেই চিঠি পাঠানো হয়। বিএনপির ওই অংশ ইসির সঙ্গে সংলাপেও বসে। ওই সময় খোন্দকার দেলোয়ারকেও আমন্ত্রণ জানায় ইসি। তবে মহাসচিব সম্বোধন না করায় খোন্দকার দেলোয়ার সে চিঠি প্রত্যাখ্যান করলে মহাসচিব উল্লেখ করে পুনরায় চিঠি পাঠানো হয়। তখন খোন্দকার দেলোয়ারের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে আলোচনায় বসে।
ইসির এবারের সংলাপের মূল বিষয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন।
সময়সূচি অনুযায়ী ৬ সেপ্টেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি; ৭ সেপ্টেম্বর বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), বিকল্পধারা, জাসদ (ইনু); ৮ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি(জেপি); ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক জনতা লীগ, জাসদ (জিকু), ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ-মোজাফফর)-এর সঙ্গে সংলাপে বসবে ইসি।
আমন্ত্রণপত্রে প্রতিটি রাজনৈতিক দলকে ৫ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১২ ঘ.
bdnews24