ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সাবেক সাংসদ ও ছাত্রদলের সাবেক সভাপতি শহিদউদ্দীন চৌধুরী এ্যানি ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।
এ্যানি দুপুর ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। আর শেখ আব্দুল্লাহকে মুক্তি দেওয়া হয় রাত ৮টার দিকে।
কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ ফারুখ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ্যানি একটি চাঁদাবাজি মামলায় হাইকোর্টের জামিন পেয়েছেন। আর কোনো মামলা না থাকায় দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।"
তিনি বলেন, "জরুরি বিধিমালায় দায়ের করা মামলায় শেখ আব্দুল্লাহকে হাইকোর্টের দেওয়া জামিনের কাগজপত্র বিকেলে আমাদের হাতে আসে। কাগজপত্র পরীক্ষার পর রাত ৮টায় তাকে মুক্তি দেওয়া হয়।"
এ্যানী গত ১৯ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১৫৪ ঘ.
bdnews24