ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬ মামলায় বুধবার ১৬ জনকে জামিন দিয়েছে বিচারপতি শরীফউদ্দিন চাকলদার ও মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ।
১৬ জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান পাঁচটি মামলায় জামিন পেয়েছেন।
পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার কার্যক্রম স্থগিত করেছে আদালত।
এছাড়া একটি মামলায় বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম একটি মামলায়, আলী আজগর লবী একটি মামলায়, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু একটি মামলায়, সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামারান দুটি মামলায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি মামলায়, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান দুটি মামলায়, সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু একটি মামলায়, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ পাঁচ মামলায় এবং আলমগীর মো. মাহফজুল্লাহ ফরিদ, কামাল আহমেদ মজুমদার, নাজিম উদ্দিন আলম, গিয়াসউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ ও বসুন্ধরার পরিচালক আবু সুফিয়ানকে একটি করে মামলায় জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
এছাড়া গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এম শামসুল ইসলামের জামিনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে।
তারেককে তিনটি চাঁদাবাজি মামলা, একটি আয়কর ফাঁকির মামলা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ছয় মাসের জমিন দেয়া হয়েছে।
পাশাপাশি সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ নেয়ার মামলায় তারেকের বিরুদ্ধে কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। এ মামলায় তারেকের জামিনের আবেদনের ওপর বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
মান্নান ভূঁইয়া জামিন পেয়েছেন বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায়। এ মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত তাকে অর্ন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
এছাড়া গ্যাটকো দুর্নীতি মামলায় তার জামিনের মেয়াদ আরো চার মাস বাড়ানো হয়েছে।
চাঁদাবাজির তিনটি, আয়কর ফাঁকির একটি ও অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষ নেয়ার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত জামিন দেয়া হয়েছে। এই সময় পর্যন্ত মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু তিন মাসের জামিন পেয়েছেন অবৈধ সম্পদ অর্জনের মামলায়। পাশাপাশি মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
একই অভিযোগে দায়ের পৃথক মামলায় জামিন পেয়েছেন রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবীকে। হাইকোর্ট তাদের ছয় মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে। এছাড়া সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে দুই মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করা হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে চাঁদবাজির একটি ও আয়কর ফাঁকির একটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছে আদালত।
সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকেও জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমকে একটি চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত জামিন দিয়ে ওই সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সাবেক বন সংরক্ষক আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদকে ছয় মাসের এবং বসুন্ধরা গ্র"পের পরিচালক আবু সুফিয়ানকে এক বছরের জামিন দেয়া হয়েছে।
আয়কর ফাঁকির মামলায় ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা আহমেদকে ছয় মাসের জামিন দিয়ে ওই সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
এছাড়া সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদকে একটি চাঁদাবাজির মামলায় জামিন দেয়া হয়েছে।
এদিকে ইলিয়াস আলীর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলার কার্যক্রম দুই মাস এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24