২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক শঙ্কামুক্ত

৪৮ ঘন্টার পর্যবেক্ষণের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কারাবন্দি তারেক রহমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার এক চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৮ ঘন্টার পর্যবেক্ষণের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কারাবন্দি তারেক রহমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার এক চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আর্থ্রাস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন বুধবার দুপুরে তারেককে দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, '' তারেক সাহেব এখন আশঙ্কামুক্ত। জখমে মাথার যে জায়গাটি ফুলে গিয়েছিল তা স্বাভাবিক হয়ে আসছে। শরীরে জ্বরও নেই। এখন তিনি তরল খাবার খাচ্ছেন।'' সোমবার দুপুরে তারেক হাসপাতালের বাথ রুমে পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এর পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। বুধবার দুপুরে ওই সময়সীমা শেষ হয়েছে। এক প্রশ্নের জবাবে ডা. মাজহারুল ইসলাম দোলন বলেন, ''তারেক সাহেব বর্তমানে ক্লিনিক্যালি স্ট্যাবেল আছেন। অন্যত্র নিয়ে তার সিটি স্ক্যান করার আপাতত প্রয়োজন নেই। আমাদের হাসপাতালের যন্ত্রটি ঠিক হলে এখানেই তা করানো যাবে।'' মঙ্গলবার চিকিৎসকদের পরামর্শক্রমে কারা কর্তৃপক্ষ স্কয়ার হাসপাতালে তারেকের মস্তিষ্ক পরীক্ষা করতে সিটি স্ক্যান করানোর সব প্রস্তুতি নিলেও তারেক যেতে রাজি হননি। এদিকে তারেক রহমানের শারীরিক অবস্থার খবরে বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''ম্যাডাম খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।'' তিনি তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আবারও দাবি জানিয়েছেন বলে শিমুল বিশ্বাস জানান। গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথ বাহিনী তারেকেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ কয়েকটি চাঁদাবাজি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৫০ ঘ.