২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে না হলে পাঁচ বছরে নির্বাচন হবে না: আশরাফুলের আশঙ্কা

ডিসেম্বর মাসে না হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ডিসেম্বর মাসে না হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ আশঙ্কা প্রকাশ করে নির্বাচন প্রক্রিয়া 'বানচাল করার ষড়যন্ত্রের' বিরুদ্ধে সতর্ক করে দেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন না হলে, নির্বাচন প্রক্রিয়া বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র করা হলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।" 'একচেটিয়া' কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সৈয়দ আশরাফ সরকারকে সতর্ক করে দেন। সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, " আওয়ামী লীগ একচেটিয়া কোনো সিদ্ধান্ত মানবে না।" অবিলম্বে নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই - নির্বাচন না হলে ভবিষ্যত অন্ধকার হবে। আপনারা অনেক এক্সপেরিমেন্ট করেছেন। কিন্তু, সবই ব্যর্থ হয়েছে।" নতুন সংলাপে বসার জন্য তারিখ চেয়ে চিঠি দেওয়ার পর নির্বাচন কমিশন আলোচনার কারণ জানতে চেয়ে আওয়ামী লীগকে যে পাল্টা চিঠি দিয়েছে সে প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তারা চিঠিতে আলোচনার কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, "আমরা দ্রব্যমূল্য নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে যাবো না।" আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সর্বাগ্রে জাতীয় নির্বাচনের জোর দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা এখনো বলছি - অক্টোবরে জাতীয় নির্বাচন করুন। এরপর, উপজেলা নির্বাচন করলে আমরা মেনে নেবো। মানুষ আর অস্থিরতা চায় না।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার এবং নিবন্ধনের সময় বাড়ানোর দাবি করেন। তিনি বলেন, "ফরমান জারি করে নয়। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সব বিষয়ে সমাধান করতে হবে। আমরা নিবন্ধনে রাজি। কিন্তু, জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং নিবন্ধনের সময় বাড়াতে হবে।" ডিসেম্বরের পর এই সরকার বেআইনি হয়ে যাবে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, "আমাদেরও ধৈর্য্যরে সীমা আছে। আওয়ামী লীগও ঘরে বসে থাকবে না।" স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক এম রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ডা. ইকবাল আর্সলান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১১০ঘ.