ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়। ছাত্রদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।
তারেকের মুক্তি দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল।
মিছিল শেষে কলাভবনের সামনে সমাবেশে ছাত্রদলের সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "খালেদা জিয়া ও তারেক রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সুচিকিৎসার জন্য তারেক রহমানকে যত দ্রুতসম্ভব বিদেশে পাঠাতে হবে। নইলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব।"
টুকু বলেন, "তারেক রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এবং হাইকোর্ট তাকে বিদেশ পাঠানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে। তারপরও কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না- এটা এখন একটা প্রশ্ন।"
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের জুয়েল বলেন, "সরকার বিনা অপরাধে তারেক রহমান ও খালেদা জিয়াকে আটক করেছে। অবিলম্বে তাদের মুক্তি না দেওয়া হলে সারা বাংলাদেশ ঘেরাও করা হবে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সহ সভপাতি মামুনুর রশীদ মামুন, জয়ন্ত কুণ্ডু, মোস্তফা খান সফরী, নুরুল ইসলাম নয়ন ও একরামুল হক বুলবুল প্রমুখ।
সোমবার হাসপাতালের বাথরুমে পড়ে তারেক রহমান মাথায় আঘাত পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজে সহিংস বিক্ষোভ দেখায় ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা কলেজের সামনে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যবসায়ী মারা যান।
ওই ঘটনার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে পুলিশ পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক কয়েকমাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন।
গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
অসুস্থ তারেক রহমানকে বিদেশ পাঠানোর জন্য বিএনপি দাবি জানিয়ে আসছে। তারেকের ছোট ভাই কারাবন্দি আরাফাত রহমান কোকো সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংকক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমআই/জিএনএ/১৫৫৮ ঘ.
bdnews24