ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি তাকে এ মামলায় কেন স্থায়ী জামিন দেয়া হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দদুক) আগামী ছয় সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ বলেন, "এ ঘটনার সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পর্ক নেই। জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্ট একটি বেসরকারি ট্রাস্ট। খালেদা জিয়া এই ট্রাস্টের কিছু নন। এই মামলার অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন। তাই তাকে জামিন দেয়া যেতে পারে।"
জামিনের বিরোধিতা করে দুদকের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, "দুর্নীতির গুরুতর অপরাধে খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত নয়।"
এর জবাবে খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ বলেন, "সাবেক এক প্রধানমন্ত্রী মুক্তি পেয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তবে সাবেক আরেক প্রধানমন্ত্রীকে কেন জামিন দেয়া হবে না।"
খালেদার আরেক আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা ছাড়াও বড় পুকুরিয়া কয়লা খনি, নাইকো ও গ্যাটকো মামলা রয়েছে। এসব মামলায়ও দু'একদিনের মধ্যে জামিনের আবেদন জানানো হবে।"
এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
এ মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তার কারণ জানাতে সরকার ও দুদককে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া একটি চাঁদাবাজি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
গত ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫২৮ ঘ.
bdnews24