২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচার চান বি চৌধুরী

সংসদ নির্বাচনের আগেই দুর্নীতির দায়ে গ্রেপ্তারকৃতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা'র প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

নোয়াখালী, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনের আগেই দুর্নীতির দায়ে গ্রেপ্তারকৃতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা'র প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, "শুধু নির্বাচন দিলেই হবে না, অস্ত্র ও পেশীশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে।" সোমবার সকালে নোয়াখালীর পৌর হলে বিকল্প ধারার সদর ও সূবর্ণচর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা দুর্নীতিবাজদের বিচার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই দুর্নীতি ও অস্ত্রমুক্ত নির্বাচন নিয়ে আজ সমগ্র জাতি শংকিত।" বি চৌধুরী বলেন, "আগের মত রাজনীতি ও নির্বাচনের মাধ্যমে দলতন্ত্র, পরিবারতন্ত্র কায়েম হলে বিরোধী দলের উপর মামলা, হামলা, নির্যাতন চলবে। আর বিরোধীদলগুলোও হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচি শুরু করবে।" তিনি বলেন, "দুর্নীতি মামলায় যারা বেকসুর খালাস পাবেন তাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে।" বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নানের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল আলম বেপারী, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্থানীয় নেতা সেলিম, শরিফুল্যা পাটোয়ারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪১ ঘ.