২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি জিল্লুর: অক্টোবর-নভেম্বরে নির্বাচন হতে বাধা কোথায়

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের দাবি পুনরায় ব্যক্ত করে বলেছেন "কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না।" আগামী অক্টোবর বা নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের দাবি পুনরায় ব্যক্ত করে বলেছেন "কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না।" আগামী অক্টোবর বা নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। জাতীয় শোক দিবস স্মরণে শনিবার এক সভায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "অক্টোবর-নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে বাধা কোথায় ?" বিকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনের চত্বরে এ সভা হয়। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুও গত এদিন দুপুরে আলাদা এক অনুষ্ঠানে সবার আগে এবং অক্টোবরেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। বঙ্গবন্ধু ভবনের সামনে স্মরণ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত তার দেওয়া বক্তৃতায় প্রত্যেক সরকারি কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর দাবি জানান। তিনি বলেন, "সংসদের আগে উপজেলা নির্বাচন হলে আওয়ামী লীগ কঠোর সিদ্ধান্ত নেবে।" যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট রহমত আলী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল, শেখ হাসিনার ভাতিজা ও তার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০১৯ ঘ.